হকি কোচ নাভিদ বিকেএসপিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাভিদ আলম
নাভিদ আলম

অলস সময় কাটাচ্ছেন জাতীয় ফুটবল দলের ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ ও তাঁর সহকারী রেনে কোস্টার। অলস বসে আছেন জাতীয় হকি দলের কোচ নাভিদ আলমও। সামনে জাতীয় দলের কোনো ক্যাম্প নেই, নেই অন্য কোনো কার্যক্রম। এ অবস্থায় নাভিদকে আপাতত বিকেএসপিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। গত পরশুই বিকেএসপিতে চলে গেছেন এই পাকিস্তানি হকি কোচ।

নাভিদ আলমের মাসিক বেতন প্রায় সাড়ে তিন হাজার ডলার। রাজধানীর শান্তিনগরে যে ফ্ল্যাটে থাকছেন, সেটির ভাড়া বাবদ ফেডারেশনকে প্রায় ৩০ হাজার টাকা দিতে হচ্ছে। যাতায়াত ও খাওয়া খরচ মাসে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। গত সেপ্টেম্বরের এশিয়া কাপের পর সেভাবে আর কোনো কাজই পাননি নাভিদ। মাঝে কিছুদিন পাকিস্তানে গিয়ে ছুটি কাটিয়ে এসেছেন। এভাবে বসে বসে নাভিদকে পারিশ্রমিক দেওয়ার চেয়ে বিকেএসপিতে পাঠানোই সঠিক বলে মনে হয়েছে ফেডারেশন সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহর, ‘ওকে আমরা বিকেএসপিতে পাঠিয়েছি। জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার আগ পর্যন্ত সেখানেই থাকবে।’ তবে বিকেএসপিতে জাতীয় দলের কোচকে পাঠানো নিয়ে এরই মধ্যে প্রশ্ন উঠেছে। ফেডারেশন সূত্রে জানা গেছে, বিকেএসপিতে কোচ তাঁর পরিকল্পনা ও অভিজ্ঞতা ভাগাভাগি করবেন খেলোয়াড়দের সঙ্গে। পাশাপাশি খেলোয়াড়দের বেসিকটাও শেখাবেন।

অথচ সদ্য সমাপ্ত জাতীয় যুব হকি থেকে বাছাই করা খেলোয়াড়, স্কুল হকি থেকে বেছে নেওয়া সেরা খেলোয়াড় ও অনূর্ধ্ব-১৮ দলের খেলোয়াড়দের নিয়ে ক্যাম্প করার পরিকল্পনা ছিল ফেডারেশনের। এসব বাদ দিয়ে কোচকে পাঠানো হলো বিকেএসপিতে, বিকেএসপির খেলোয়াড়দের প্রশিক্ষণ দেবেন!

গত সপ্তাহে দলবদল শেষ হলেও এখনো শুরু করা যায়নি প্রিমিয়ার লিগ। ৫ ডিসেম্বর বিজয় দিবস হকি শুরু করার সিদ্ধান্ত নিয়েছে টুর্নামেন্ট কমিটি। এরপরই শুরু হতে পারে ক্লাব কাপ হকি। ঘরোয়া টুর্নামেন্টের বাইরে একমাত্র আন্তর্জাতিক টুর্নামেন্ট এশিয়ান গেমসের বাছাইপর্ব ঢাকায় হওয়ার সম্ভাবনা আছে মার্চে। এর কিছুদিন আগে জাতীয় দলের ক্যাম্প ডাকা হতে পারে। এরই মধ্যে ফেডারেশনের নিষেধাজ্ঞার কারণে জিমি, চন্দন, পিন্টু, জাহিদসহ গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড় ছিটকে পড়েছেন দল থেকে। এ অবস্থায় খেলোয়াড় বাছাইয়ের দিকে নজর না দিয়ে নাভিদ কাজ করবেন বিকেএসপির উদীয়মানদের নিয়ে! পৃষ্ঠপোষক জনতা ব্যাংক কোচের খরচ বাবদ দিয়েছে এক কোটি টাকা।