হকি কোচের সঙ্গে চুক্তি হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোচ অলিভার কার্টজের সঙ্গে চুক্তি করার কথা ছিল গত মাসে। কিন্তু এক মাস পেরিয়ে গেলেও এই জার্মান কোচের সঙ্গে চুক্তি করেনি হকি ফেডারেশন। এরই মধ্যে কাল বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডের জন্য ফেডারেশন ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে। খেলোয়াড়দের স্থানীয় কোচ মাহবুব হারুনের কাছে আজ রিপোর্ট করতে বলা হয়েছে।
অলিভার কার্টজের সঙ্গে আদৌ চুক্তি হবে? ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুস সাদেক বলেছেন, ‘কার্টজ ক্রিসমাসের ছুটি নিয়ে তাড়াহুড়ো করে দেশে চলে যান বলেই চুক্তি সই হয়নি। উনি ফিরলেই সই হবে।’ আজই অবশ্য ঢাকায় ফেরার কথা অলিভার কার্টজের।
বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডের প্রস্তুতির জন্য বিকেএসপিতে আজ থেকে শুরু হচ্ছে অনুশীলন ক্যাম্প। গত মাসে এএইচএফ কাপের চ্যাম্পিয়ন ১৮ জনের দলের সঙ্গে সুযোগ পেয়েছেন অনূর্ধ্ব-১৮ দলের ১০ জন খেলোয়াড়। জাতীয় দলের প্রাথমিক ক্যাম্পে একেবারে নতুন ডাক পেয়েছেন পাঁচজন—বিপ্লব, মাহবুব, সবুজ, শিশির ও রাকিন।
বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডের একটি অঞ্চলের ভেন্যু ঢাকা। আগামী ৪ থেকে ১২ মার্চ মওলানা ভাসানী স্টেডিয়ামে হবে খেলা। ২৮ সদস্যের প্রাথমিক দল: জাহিদ, অসীম, নিপ্পন, বিপ্লব, রেজাউল, সিতুল, চয়ন, আশরাফুল, খোরশেদুর, ইমরান, সারোয়ার, রোমান, নাঈম, কামরুজ্জামান, জিমি, মাইনুল, পুস্কর, আরশাদ, মিলন, কৃষ্ণ, তাপস, ইমন, নিলয়, রাব্বি, মাহবুব, সবুজ, শিশির ও রাকিন।