হকি খেলছেন গ্রামের মেয়েরাও
হকির গল্প নিয়ে শাহরুখ খানের বিখ্যাত সিনেমা চাক দে ইন্ডিয়া দেখেছেন শম্পা খাতুন। টেলিভিশনের পর্দায় দেখা সেই অ্যাস্ট্রো টার্ফ এখন চোখের সামনে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে পা রেখে তাই বিস্ময়ের সীমা নেই ঝিনাইদহের তরুণীর। কিশোরগঞ্জের রিয়া, পটুয়াখালীর তানজিলাদের কাছেও বিস্ময় হয়ে ধরা দিয়েছে স্টেডিয়ামের নীল টার্ফ।
এখানেই কাল শুরু হয়েছে জাতীয় মহিলা হকি। সন্ধ্যার আগে তৃতীয় ম্যাচ শেষ হলেও মাঠ ছাড়তে চাইছিলেন না মেয়েরা। ফ্লাডলাইট নেই। অন্ধকারেই টার্ফের বিভিন্ন অংশে অনুশীলনে ব্যস্ত রইলেন নবীন খেলোয়াড়েরা। এমন মাঠের জন্য সারা বছরের হাহাকারটা যেন মেটাতে চাইলেন এক সন্ধ্যাতেই।
ফেডারেশন তৃতীয়বারের মতো আয়োজন করেছে মহিলা হকি। প্রতিবছরই দল বাড়ছে, এবারও বেড়েছে তিনটি। নয়টি জেলা তিন গ্রুপে ভাগ হয়ে খেলছে। এমনিতেই ফুটবল, ক্রিকেটে ঢাকার বাইরের মেয়েরা যথেষ্ট আগ্রহী হয়ে উঠেছেন। কিন্তু হকিস্টিক হাতে নেওয়ার সুযোগ কই? বড়জোর জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিভা অন্বেষণ কর্মসূচিতেই মেলে সেই সুযোগ। কিন্তু সেটাও অনিয়মিত।
নড়াইল, রাজশাহী, দিনাজপুরের বাইরে অন্য জেলার মেয়েদের হকির চর্চা নেই বললেই চলে। তবে ঝিনাইদহের মেয়েরা ব্যতিক্রম। এক দল মেয়ে নিয়ে ঢাকায় এসেছেন ফজর আলী গার্লস স্কুলের শারীরিক শিক্ষিকা সুরাইয়া বেগম। গত ডিসেম্বরে প্রথমবারের মতো এই মেয়েদের হাতে তুলে দেন হকিস্টিক। শীতকালীন বার্ষিক আন্তস্কুল হকিতে বিভাগীয় ফাইনালে জাতীয় হকি চ্যাম্পিয়ন নড়াইলের কাছে হেরেছে তাঁর দল। এই আত্মবিশ্বাসেই জাতীয় আসরে প্রথমবার অংশ নেওয়ার সাহস দেখাল ঝিনাইদহ। কাল হকি স্টেডিয়ামে দাঁড়িয়ে সুরাইয়া বলছিলেন, ‘জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা খান মাকসুদ স্যার আমাকে উদ্বুদ্ধ করেছেন এখানে আসতে। তা ছাড়া আন্তস্কুলেও আমার মেয়েরা ভালোই খেলেছে।’
চুড়ি ফেলে হকিস্টিক হাতে তুলে নিলেন এই মেয়েরা। যদিও তাঁদের মাঠে আনার কাজটা মোটেও সহজ ছিল না। ধর্মীয় রক্ষণশীল অঞ্চল বলে পরিচিত কিশোরগঞ্জের কোচ রিপেল হাসান তবুও চ্যালেঞ্জটা নিয়েছেন, ‘অজপাড়াগাঁয়ের মেয়েরা যখন হাফপ্যান্ট বা জার্সি পরে খেলে, অনেকে এটাকে সহজভাবে দেখেনি। তবুও অভিভাবকদের বুঝিয়ে ওদের নিয়ে এসেছি ঢাকায়।’
আরজত আতরজান উচ্চবিদ্যালয়ের মাঠে ঘাসের ওপর মাটি ফেলে মেয়েদের টার্ফে খেলার স্বাদ দেওয়ার চেষ্টা করেন কোচ। জীবনে প্রথম স্টিক হাতে তোলার অভিজ্ঞতা বলতে গিয়ে রোমাঞ্চ খেলছিল গোলরক্ষক রিয়ার চোখেমুখে, ‘প্রথম যেদিন স্টিক হাতে নিই অনেক ভয় পেয়েছিলাম। গোলরক্ষক পজিশনে দাঁড়িয়ে বেশি ভয় পাই। তবে এখন ভয়টা কেটে গেছে।’
পটুয়াখালীতে বেশি সমস্যা মাঠ নিয়ে। কোচ সাফায়েত আহমেদ তবু হাল ছাড়েননি, ‘বর্ষার সময় খেলাধুলা হয় না আমাদের ওখানে। শীতের সময় টুকটাক খেলি। পটুয়াখালী স্টেডিয়ামে ক্রিকেটের সঙ্গে ভাগাভাগি করে খেলতে হয়। অল্প অনুশীলনেও মেয়েরা আশা করি ভালোই করবে।’