ঘর গোছানো শেষ। শুধু খেলোয়াড়দের হাতে ফরম তুলে দেওয়া বাকি বেশির ভাগ ক্লাবের। হকির দলবদলের সেই আনুষ্ঠানিকতা আজ শুরু হচ্ছে। এটি শেষ হবে আগামী পরশু। গত দুই মৌসুম মোহামেডানসহ দেশের বড় চারটি ক্লাব হকির কোনো কার্যক্রমে অংশ নেয়নি। দুই বছর পর এবার এই দলগুলো দলবদলে অংশ নেওয়ায় যেন প্রাণ ফিরে পেয়েছে হকি। তবে কর্মকর্তাদের আনন্দের পাশে খেলোয়াড়দের একটু হতাশই লাগছে। অদৃশ্য এক ‘শেকলে’ যে বাঁধা পড়েছেন জিমি-মিমোরা।
এত দিন দলবদলে খেলোয়াড়দের পারিশ্রমিক উন্মুক্ত ছিল। কিন্তু এবার ক্লাব কর্মকর্তারা এক হয়ে একটি অলিখিত ‘গ্রেডিং’ করেছেন। এ কারণে ‘এ’ গ্রেডের খেলোয়াড়েরা সর্বোচ্চ পারিশ্রমিক পাবেন মাত্র ৩ লাখ টাকা। ‘বি’ গ্রেড ২ লাখ এবং ‘সি’ গ্রেডভুক্ত খেলোয়াড় পাবেন দেড় লাখ টাকা করে। এভাবে খেলোয়াড়দের পায়ে অদৃশ্য শেকল পরানোর একটা অদ্ভুত ব্যাখ্যাও আছে কর্মকর্তাদের। সার্ভিসেস দলের খেলোয়াড়েরা যাতে দুই জায়গা থেকে টাকা নিতে না পারেন, সেটি নিশ্চিত করা হয়েছে। আরেকটি কারণ, এবার নাম নিবন্ধনের পর মাঠে নামতে পারবেন পাঁচজন বিদেশি খেলোয়াড়ই। সব মিলিয়ে দেশি খেলোয়াড়দের সামনে দর-কষাকষির সুযোগ খুব কমই রেখেছেন কর্মকর্তারা। বাধ্য হয়েই এই ‘শেকলে’ পা গলাতে হচ্ছে খেলোয়াড়দের।
এভাবে গ্রেডিং করায় হতাশ আবাহনীর ডিফেন্ডার মশিউর রহমান, ‘এটা খুবই খারাপ সিদ্ধান্ত। প্রতিবছর যদি খেলোয়াড়দের পারিশ্রমিক না বাড়ে তাহলে তারা কেন খেলবে? ফুটবলে এমন ব্যর্থতার পরও ফুটবলারদের সর্বোচ্চ পারিশ্রমিক ৬৫ লাখ টাকা। আর আমাদের দাম দিন দিন কমে যাচ্ছে।’
সর্বশেষ মৌসুমে মোহামেডানে খেলা রাসেল মাহমুদ জিমি এবারও খেলবেন মোহামেডানেই। এবারও তিনিই সর্বোচ্চ পারিশ্রমিক পাচ্ছেন, কিন্তু গ্রেড-১-এর কারণে সেটা থাকছে তিন লাখের ঘরেই।
তবে এসব ছাপিয়ে দল গড়ার দিকেই মনোযোগ বেশি কর্মকর্তাদের। মোহামেডানে এবার যোগ দিয়েছেন জিমি, তাপস বর্মণ, জাহিদ হোসেন, কামরুজ্জামান রানা, ইমরান হাসান পিন্টু ও আসাদুজ্জামান চন্দনদের মতো অভিজ্ঞ খেলোয়াড়। বিদেশিদের মধ্যে পাকিস্তানের হাসান রসুল, শাকিল আব্বাসি, মোহাম্মদ ইমরান, মালয়েশিয়ার টিংকু। এপ্রিলে আজলান শাহ হকির জন্য পাকিস্তানের খেলোয়াড়দের পাচ্ছে না মোহামেডান। কোচও পাকিস্তানি—মোহাম্মদ আলী।
তুলনামূলকভাবে আবাহনী একটু কমজোরি দলই গড়েছে। তাদের অভিজ্ঞ সব খেলোয়াড় যোগ দিয়েছে ঊষা ও মোহামেডানে। এবার আকাশি-নীল শিবিরে নাম লিখিয়েছেন অসীম গোপ, খোরশেদ, ফরহাদ শিতুল, মশিউর রহমান, হাবুল, মুসা মিয়া ও শেখ নান্নু। এ ছাড়া বিকেএসপি থেকে নেওয়া হবে সেরা পাঁচ খেলোয়াড়। বিদেশিদের মধ্যে শুধু পাকিস্তানের কাশিদ আলীকে নিশ্চিত করেছে আবাহনী। কোচ থাকছেন আলমগীর আলম।
মেরিনার্সে বিকেএসপির সেরা সাত খেলোয়াড় ছাড়াও জাতীয় দলের মামুনুর রহমান চয়ন, মইনুল ইসলাম কৌশিক, মোহাম্মদ আশরাফুল ও রাব্বি সালেহীনকে নিয়েছে। আগামী সপ্তাহে বিকেএসপিতে শুরু হবে মেরিনার্সের অনুশীলন।