হকি খেলোয়াড়দের মন্ত্রীর ‘দান’
কোনো ক্রিকেটার আন্তর্জাতিক সেঞ্চুরি করলেই দু-তিন লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। যদিও টাকাটা ঠিকভাবে পাওয়া যায় না বলে হাটে হাঁড়ি ভেঙেছেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। ক্রিকেটে দিতে চান দিন, কিন্তু অন্য খেলাগুলোকে একই নজরে দেখেন না বলে মন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ আছে ক্রীড়াঙ্গনের।ব্যাংককে এশিয়ান হকি ফেডারেশন কাপজয়ী বাংলাদেশ দলের খেলোয়াড়দের এর আগে ১০ হাজার টাকা করে দিয়েছেন মন্ত্রী। এরপর সিঙ্গাপুরে বিশ্ব হকি লিগের প্রথম রাউন্ডে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ, এবার মন্ত্রী আরও কৃপণ হয়ে দিলেন পাঁচ হাজার টাকা করে!সে তুলনায় এবার হকি খেলোয়াড়েরা নিজেদের ভাগ্যবানই ভাবতে পারেন। কাল তাঁরা মন্ত্রীর কাছ থেকে পেলেন ২০ হাজার টাকা করে অর্থ পুরস্কার। পেলেন কোচ-কর্মকর্তারাও। এটা বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডে চীনকে হারিয়ে তৃতীয় হওয়ার জন্য।টাকার অঙ্ক বেড়েছে, এটা ‘খুশি’র কথা। কিন্তু এই যুগে ৫, ১০, ২০ হাজার টাকা আর্থিক পুরস্কার খেলোয়াড়দের আন্দোলিত করে না। বরং খেলোয়াড়েরা লজ্জিত বোধ করেন মন্ত্রীর এই ‘দান’ নিতে। জাতীয় ক্রীড়া পরিষদের টাওয়ারে কাল এক অনুষ্ঠানে মন্ত্রীর হাত থেকে টাকা নিয়ে খেলোয়াড়দের মুখে কোনো আনন্দ বা উচ্ছ্বাস দেখা যায়নি। সবাই যেন ইচ্ছার বিরুদ্ধেই নিয়েছেন। আসাদুজ্জামান চন্দনের কথায় তা বেরিয়েও এল, ‘ক্রিকেটে তিনি (মন্ত্রী) লাখ লাখ টাকা ব্যক্তিগত পুরস্কার দেন। আমরা হকি খেলোয়াড়েরা পুরো দলই হয়তো একজন ক্রিকেটারের সমান টাকা পেলাম। এই টাকা নেব না ভেবেছিলাম, কিন্তু বেয়াদবি হয় বলে নিলাম। পুরস্কারের অঙ্ক এমন যে, ঘরে-বাইরে কোথাও মুখ দেখাতে পারি না। সবাই হকি খেলোয়াড়দের নিয়ে হাসাহাসি করে।’হকি খেলোয়াড়দের জন্য পুরস্কারের অঙ্কটা এত কম কেন? এই প্রশ্নে মন্ত্রীর জবাব, ‘আন্তর্জাতিক মিডিয়ায় ক্রিকেটকে অনেক কাভারেজ দেওয়া হয়, আপনারাও ক্রিকেটে কিছু থাকলে হুমড়ি খেয়ে পড়েন। অন্য খেলায় তো সাংবাদিক ভাইদের বেশি দেখি না। আপনারাই খুঁজে বের করেন কারণটা কী। তবে আমি সব খেলাতেই সমানভাবে মনোযোগ দিই।’ উপসংহার টানলেন এভাবে, ‘ক্রিকেট সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা শুধু আমার কাছ থেকে নয়, সবার কাছ থেকেই পাচ্ছে।’কালকের এই সংবর্ধনা অনুষ্ঠানটাও ছিল দায়সারা, ক্রীড়া পরিষদের টাওয়ারে সংবাদ সম্মেলন কক্ষে একটা ব্যানার পর্যন্ত ছিল না। হকি খেলোয়াড়েরা বসলেন এক কোনায়, যাঁদের ঠিকমতো দেখাও যাচ্ছিল না। একটা ফুলের তোড়া নেই, শুধু ডেকে ডেকে একটা খাম ধরিয়ে দেওয়া। অথচ বলা হয়েছে, এটা নাকি সংবর্ধনা অনুষ্ঠান!দিল্লি সাফল্যের অন্যতম নায়ক কোচ মাহবুব হারুন পেয়েছেন বাড়তি ২০ হাজার টাকা। মাঠের মূল দুই সেনানী জিমি ও চয়নকে দেওয়া হয়েছে বাড়তি ১০ হাজার করে। তবে তাঁরা দুজন এখন জার্মানিতে আছেন, বিপ্লবও তা-ই। ছিলেন না আরও কয়েকজন। তবে থাকতে না পারায় মনে হয় না তাঁদের কোনো আক্ষেপ আছে!