হকি খেলোয়াড় চুন্নু আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জাতীয় দলের সাবেক হকি খেলোয়াড় আবদুল মালেক চুন্নু আর নেই। আজ সকাল ছয়টায় রাজধানীর মিটফোর্ড হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। কৃতী এই খেলোয়াড়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ হকি ফেডারেশন।দীর্ঘদিন ধরে কিডনিজনিত জটিল রোগে ভুগছিলেন আবদুল মালেক চুন্নু। দুটি কিডনিই নষ্ট হয়ে যাওয়ায় তাঁর শরীরে পানি জমেছিল বলে জানিয়েছেন চিকিত্সকেরা। এ ছাড়া ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন বাংলাদেশ হকি দলের সাবেক এই অধিনায়ক। আজ জুমার নামাজের পর আজিমপুর গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে।১৯৭৭ সালে মালয়েশিয়ায় এশিয়ান যুব হকি প্রতিযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে পা রেখেছিলেন আবদুল মালেক চুন্নু। ১৯৭৮ ও ১৯৮১ সালে এশিয়ান গেমসে তিনি ছিলেন বাংলাদেশ হকি দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ১৯৮২ সালে দিল্লি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন সাবেক এই মিডফিল্ডার।বাংলাদেশের হকিতে ব্যাপক অবদান রাখায় ২০০৪ সালে জাতীয় পুরস্কার পেয়েছিলেন আবদুল মালেক চুন্নু। একই বছর বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছিলেন তিনি। আজাদ স্পোর্টিংয়ের জার্সি গায়ে বাংলাদেশের ঘরোয়া হকিতে যাত্রা শুরু করেছিলেন চুন্নু। ১৯৭৪ সালের পর দীর্ঘদিন তিনি খেলেছেন আবাহনীর হয়ে।