হকি ছেড়ে বিদেশ যাচ্ছেন চন্দন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ান গেমসের প্রাথমিক দলে জায়গা পাননি। আশায় ছিলেন কোচ পিটার গেরহার্ড ঢাকা এলে হয়তো দলে ফিরবেন আসাদুজ্জামান চন্দন। কিন্তু তিন দিন পার হয়ে গেলেও গেরহার্ডের কাছ থেকে কোনো সাড়া মেলেনি। অনেকটা ক্ষোভে, অভিমানে তাই হকিস্টিক তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন আবাহনীর ডিফেন্ডার।কাল টেলিফোনে আক্ষেপভরে জানালেন, ‘কোচের দিকে তাকিয়ে ছিলাম। কিন্তু ঢাকায় এসে পিটার আমার সঙ্গে কোনো যোগাযোগই করেননি। যা বোঝার বুঝে নিয়েছি। এখন ভাবছি, হকিটা ছেড়েই দেব।’ ‘হকি ছেড়ে কী করবেন?’ চন্দনের উত্তর, ‘আমি শিগগিরই কানাডা চলে যাচ্ছি। সেখানে আমার চাচার ব্যবসা আছে, তিনিই আমাকে কানাডা নিয়ে যাচ্ছেন।’ ক্যারিয়ারটাকে আরও লম্বা করার ইচ্ছা ছিল ২৫ বছর বয়সী চন্দনের। কিন্তু ফেডারেশনের কার্যকলাপে বিরক্ত হয়ে খেলাটাকে ছেড়ে দিচ্ছেন বলে দাবি করলেন, ‘এভাবে হকিকে ভালোবেসে কোনো লাভ নেই। চিন্তাভাবনা করে দেখলাম এভাবে চলতে থাকলে ভবিষ্যৎ বলে কিছু থাকবে না। তাই খেলাই ছেড়ে দেব ভাবছি।’ বিকেএসপির ছাত্র চন্দনের ক্যারিয়ার শুরু ২০০৩ সালে আজাদের হয়ে প্রথম বিভাগে খেলে। এরপর মেরিনার্সে খেলেছেন দুই বছর, সোনালী ব্যাংকে ছিলেন এক বছর। সর্বশেষ খেলেছেন আবাহনীর হয়ে। জাতীয় দলে প্রথম ডাক পেয়েছিলেন ২০০৫ সালে, ঢাকায় এশিয়ান গেমসের বাছাইপর্বে। মাত্র ৫ বছরেই আন্তর্জাতিক ক্যারিয়ারের যতি পড়ে গেল বলে কষ্ট পাচ্ছেন, ‘ভাবতে খুবই খারাপ লাগছে। কিন্তু আমার কাছে বিকল্প কিছু করার ছিল না।’চন্দনের মতো ইউরোপ সফরে ডাক পাননি আবদুস সাজ্জাদ, জাহিদ বিন তালিব, খোন্দকার হাসান, মোশাররফ হোসেন। এই খেলোয়াড়দের অভিযোগ নির্বাচকদের প্রতি। সাজ্জাদ জানালেন, ‘আমি কেন বাদ পড়লাম, সেটা জানানোর কোনো প্রয়োজন মনে করেননি নির্বাচকেরা। তবে তাঁদের জানানো উচিত ছিল, কোথায় আমার সমস্যা।’ একই কথা বললেন হাসান, ‘আগে দল নির্বাচকের জন্য ক্যাম্প হতো, নির্বাচকেরা মিটিং করতেন। কিন্তু এখন পারফরম্যান্সের বাইরে ইচ্ছামতো দল গড়া হচ্ছে।’ তবে মোশাররফ মনে করছেন জার্মানিতে গতবার ভালো খেলতে পারেননি বলেই হয়তো তিনি বাদ পড়েছেন।