হকি ডরমিটরির অন্দরে নতুন রং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠে নেমে ভালো খেলার অন্যতম শর্ত উন্নত আবাসন। মওলানা ভাসানী হকি স্টেডিয়াম ক্যাম্পে এত দিন এ সুবিধা থেকে বঞ্চিতই হয়ে আসছিলেন জাতীয় হকি দলের খেলোয়াড়েরা। তাঁদের সেই দুঃখের দিন বুঝি ফুরোল। না, হকি স্টেডিয়ামের ডরমিটরি থেকে তাদের ঝা চকচকে কোনো পাঁচ তারা হোটেলে নিয়ে তোলা হচ্ছে না। ওই ডরমিটরিটাই সংস্কার করে সাজানো-গোছানো হয়েছে।
তবে সংস্কার শুধু কক্ষের ভেতরেই। বারান্দা এখনো ভাঙাচোরা, এখানে-সেখানে পলেস্তারা উঠে যাওয়ায় বাইরের দেয়াল এখনো হতশ্রী। তবে বাংলাদেশের হকি খেলোয়াড়দের খুশি রাখতে কক্ষের ভেতরটা সাজিয়ে দেওয়াই যথেষ্ট। বাইরেরটা নিয়ে তাঁদের যেন অত মাথাব্যথা নেই।
ছয়টি কক্ষ সংস্কার করা হয়েছে, থাকতে পারবেন ২৬ জন খেলোয়াড়। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বসানো হয়েছে ও মেঝেতে লাগানো হয়েছে টাইলস। মানসম্মত আসবাব দেওয়া হয়েছে। বালিশ, তোশক, পর্দা সবই নতুন। দেয়ালে নতুন রং লেগেছে, সাজসজ্জাও আছে। আগে কক্ষের ভাঙা খাটের মতো সবকিছুই ছিল জীর্ণ। সেখানেই এখন একটু আধুনিকতার ছোঁয়া। জাতীয় দলের অধিনায়ক মামুনুর রহমান চয়ন থাকার জন্য এমন কক্ষ পেয়ে খুশি, ‘আগে ঘুমাতে পারতাম না। জানালা ভাঙা থাকায় সকালে সূর্যের আলো পড়ত রুমে। আতঙ্কে থাকতাম, অনেক কিছু চুরি হয়ে যেত। এখন রুমের ভেতরে স্বাস্থ্যকর একটা পরিবেশ পাওয়া গেল।’
স্ট্রাইকার পুরস্কর খীসা মিমোর কণ্ঠে উচ্ছ্বাস, ‘এখন ঘুমটা ভালো হবে আমাদের। এত দিন থাকার ব্যবস্থা ছিল খুবই করুণ। পোকামাকড়ের কামড় খেয়েছি অনেক।’
হোস্টেল থেকে খেলোয়াড়দের সরাসরি মাঠে নামার রাস্তা ছিল না। মাঠে যেতে খেলোয়াড়দের ঘুরে আসতে হতো কিছুটা পথ। এবার খেলোয়াড়েরা ডরমিটরি থেকেই মাঠে যেতে পারবেন। গ্যালারি ভেঙে তেমন একটি রাস্তাও করা হয়েছে।
আবাসনের এই উন্নত ব্যবস্থা করে দিয়েছে হকির দীর্ঘদিনের পৃষ্ঠপোষক গ্রীন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানি। তারা ৫২ লাখ টাকা দিয়েছে। খরচ নাকি ৫২ লাখ ছাড়িয়ে গেছে।
কাল নানা রেঙর বেলুন িদয়ে সাজা   ডরমিটরিটি উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। সঙ্গী ছিলেন গ্রীন ডেল্টার উপদেষ্টা নাসির এ চৌধুরী ও হকি ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।