হকি দলে তিন নতুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কাছে এশিয়া কাপ হকির অন্য নাম ‘বিশ্বকাপ’। সেটিতে এবার পঞ্চম হওয়ার কঠিন লক্ষ্যই লাল-সবুজের। মাঠের ফলাফল শেষ পর্যন্ত কী হবে, অপেক্ষায় থাকতে হচ্ছে। তবে ২৪ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর মালয়েশিয়ার ইপোহতে নবম এশিয়া কাপে শক্তিশালী দলই পাঠাচ্ছে বাংলাদেশ হকি ফেডারেশন। কাল ঘোষিত ১৮ সদস্যের চূড়ান্ত জাতীয় দলটা বেশ ভারসাম্যপূর্ণও।
দলে তিন নতুন মুখ বিকেএসপির ফরহাদ আহমেদ, রোমান সরকার ও সেনাবাহিনীর সাব্বির হোসেন। সর্বশেষ জাতীয় দল থেকে বাদ পড়েছেন শেখ মোহাম্মদ নান্নু ও শোয়েব আলী। চোটের কারণে দল থেকে ছিটকে পড়েছেন আবদুল্লাহ আল মনসুর। আবারও অধিনায়কত্ব ফিরে পেয়েছেন নৌবাহিনীর খেলোয়াড় মামুনুর রহমান (চয়ন)।
বাংলাদেশের অভিযান শুরু ২৫ আগস্ট, কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। ২৭ আগস্ট ওমান ও ২৮ আগস্ট ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
১০ জুন ৩৪ জন খেলোয়াড় নিয়ে বিকেএসপিতে শুরু হয় ক্যাম্প। দুই দফা ছাঁটাইয়ের পর কাল ঘোষণা করা হলো চূড়ান্ত দল।
তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলেই গড়া হয়েছে এবারের জাতীয় দল। নির্বাচক কমিটির অন্যতম সদস্য রফিকুল ইসলাম (কামাল) দলটিকে নিয়ে দারুণ আশাবাদী, ‘আমাদের এবারের এশিয়া কাপের দলটা খুবই ভালো ও ব্যালান্সড হয়েছে। দল গড়ার জন্য কোচদের সঙ্গে আমরা আলাপ করেছি। দু-একজন খেলোয়াড় নিয়ে আমাদের মতপার্থক্য ছিল। তবে কোচ তাঁর যুক্তি দিয়ে আমাদের সন্তুষ্ট করতে পেরেছেন। আশা করি, আমরা এশিয়া কাপে ভালো করতে পারব।’ রক্ষণভাগকে শক্তিশালী করেই দল গড়া হয়েছে বলে জানালেন রফিকুল, ‘কোরিয়া ও ভারতের বিপক্ষে রক্ষণাত্মক খেলার মনোভাব কোচের। যত পারি কম গোল খাওয়াটাই হবে আমাদের লক্ষ্য। আর ওমানের বিপক্ষে আমরা খেলব আক্রমণাত্মক মেজাজে। রক্ষণভাগকে শক্তিশালী করে দল গড়া হয়েছে। এ জন্য দলে নেওয়া হয়েছে সাতজন ডিফেন্ডার।’
গত সেপ্টেম্বরে সিঙ্গাপুরে বিশ্ব হকি লিগের প্রথম রাউন্ডে বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্বে ছিলেন মামুনুর। জাতীয় দলের সাম্প্রতিক অস্থিতিশীল সময়ে আবারও দায়িত্ব নিলেন। এবারের দায়িত্বটা নৌবাহিনীর ডিফেন্ডারের কাছে একটা চ্যালেঞ্জ, ‘আবারও অধিনায়কের দায়িত্ব পেয়ে অবশ্যই ভালো লাগছে। তবে ভালো যেমন লাগছে, তেমনি দায়িত্বও বেড়ে গেছে। আশা করি, আগের চেয়ে ভালো করব আমি। এবং চেষ্টা করব রেজাল্টের ধারাবাহিকতা ধরে রাখতে। এমন একটি সময়ে এই দায়িত্ব আমার জন্য একটা চ্যালেঞ্জ। গত কয়েক দিন যেসব ঘটনা ঘটে গেছে, আশা করি খেলার মাঠে এসবের কোনো প্রভাব পড়বে না।’
দল ঘোষণার আগেই গুঞ্জন উঠেছিল দলবদলের দাবিতে আন্দোলন করা অন্যতম খেলোয়াড় ও সর্বশেষ অধিনায়ক জাহিদ হোসেনকে বাদ দেওয়া হবে। কিন্তু জাহিদ বাদ পড়েননি।
এশিয়া কাপে বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। বাংলাদেশের সঙ্গী শক্তিশালী ভারত, কোরিয়া ও ওমান। ‘এ’ গ্রুপে খেলবে পাকিস্তান, মালয়েশিয়া, জাপান ও চীনা তাইপে। মালয়েশিয়ার কুয়ানতানে হওয়া সর্বশেষ এশিয়া কাপে বাংলাদেশ সাত দলের মধ্যে সপ্তম হয়েছিল।
এশিয়া কাপের বাংলাদেশ দল
জাহিদ হোসেন, অসীম গোপ, মামুনুর রহমান (চয়ন), খোরশেদুর রহমান, মশিউর রহমান, ইমরান হাসান, রোকনুজ্জামান, তাপস বর্মণ, ফরহাদ আহমেদ, এ এইচ এম কামরুজ্জামান, আবদুল মালেক, সাব্বির হোসেন, রাসেল মাহমুদ (জিমি), পুষ্কর খীসা (মিমো), কৃষ্ণ দাস, মঈনুল ইসলাম (কৌশিক), হাসান যুবায়ের (নিলয়), রোমান সরকার।
স্ট্যান্ডবাই: সাদিকুর রহমান, ইরফানুল হক, সারোয়ার হোসেন, রুবেল হোসেন।