হকি দলে ফিরছেন চয়ন
গত ফেব্রুয়ারিতে এসএ গেমসের দল থেকে বাদ পড়েছিলেন। সেটা ছিল বেশ বিস্ময়কর। জাতীয় হকি দল থেকে ডিফেন্ডার মামুনুর রহমান চয়ন বাদ পড়তে পারেন, এটা ভাবতেই পারেননি অনেকে। কিন্তু ফিটনেসের কারণে তাঁকেও বাদ দেওয়া হয়েছিল।
সেই চয়ন আন্তর্জাতিক হকিতে ফিরছেন আবার। দল-সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, এ মাসেই হংকংয়ে এশিয়ান হকি ফেডারেশন কাপের দলে চয়নকে রেখে চূড়ান্ত হয়েছে ১৮ জনের দল। ফিরছেন কামরুজ্জামান রানাও। আজই দল ঘোষণা করা হতে পারে।
বিকেএসপিতে অনুশীলন পর্ব শেষ করে আজই ঢাকায় আসার কথা জাতীয় দলের। ঢাকায় দুই দিন অনুশীলন করে বাংলাদেশ দল হংকং যাবে ১৬ নভেম্বর। এই টুর্নামেন্টে বাংলাদেশ শিরোপা জয়েরও সবচেয়ে বড় দাবিদার। সেটা অংশ নেওয়া দলগুলোর তুলনায় নামের বিচারে শুধু বড় নয় বলেই, টুর্নামেন্টে গত দুবারের চ্যাম্পিয়নদের মুকুট ধরে রাখারও তো তাড়না থাকে। তাই হংকংয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে না পারলে সেটা দুর্ঘটনা হবে বলেই মনে করছেন অনেকে।
বাংলাদেশের গ্রুপে আছে হংকং, চীনা তাইপে ও ম্যাকাও। অন্য গ্রুপে সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও উজবেকিস্তান। হংকংয়ের সঙ্গে ম্যাচ দিয়ে বাংলাদেশ টুর্নামেন্ট শুরু করবে ১৯ নভেম্বর। জার্মান কোচ অলিভার কার্টজ এই টুর্নামেন্টে নিয়ে যাবেন বাংলাদেশ দলকে। টেকনিক্যাল পরামর্শক বাংলাদেশের সাবেক কোচ পিটার গেরহার্ড। কোচিং দলে থাকছেন স্থানীয় কোচ মাহবুব হারুনও।