
ফ্লাইট রাত ১০টা ১৫ মিনিটে। কিন্তু সন্ধ্যা ছয়টা পর্যন্ত সবাই সংশয়ে। এশিয়ান গেমসে খেলতে ইনচনের উদ্দেশে বাংলাদেশ জাতীয় হকি দলের ঢাকা ছাড়ার কথা ছিল গতকাল রাতেই। কিন্তু ভিসা জটিলতায় অনেকটা সময় দুশ্চিন্তায় থাকার পর শেষ পর্যন্ত বিমানে উঠতে পারেন মিমো-চয়নরা।
হকি দলকে বিমানের সরাসরি কোনো ফ্লাইটে দক্ষিণ কোরিয়া পাঠাচ্ছে না বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। ট্রানজিটের জন্য খেলোয়াড়দের ২২ ঘণ্টা থাকতে হবে থাইল্যান্ডে। ওই সময়টুকু থাইল্যান্ডের কোনো হোটেলে থাকার কথা তাদের। থাইল্যান্ডের ভিসা না পেলে যা একেবারেই অসম্ভব। অথচ বিমানে ওঠার ১২ ঘণ্টা আগে ফেডারেশন কর্মকর্তারা জানতে পারেন, খেলোয়াড়দের থাইল্যান্ডের ভিসা মেলেনি। শুরু হয়ে যায় তোড়জোড়। দূতাবাসে দৌড়াদৌড়ি। এরপরই মেলে ভিসা।
এত লম্বা সময়ের বিমানভ্রমণের কারণে খেলোয়াড়েরা ইনচনে পৌঁছাবে ১৯ সেপ্টেম্বর। পরদিনই জাপানের সঙ্গে প্রথম ম্যাচ। ভ্রমণক্লান্তি নিয়েই মাঠে নামতে হবে বাংলাদেশকে। ভালোমতো অনুশীলন করাও সম্ভব হবে না। যাওয়ার আগে এত সব বিড়ম্বনার প্রভাব মাঠেও পড়ার কথা। কিন্তু ম্যাচের মাত্র এক দিন আগে কেন এভাবে দল পাঠানোর ব্যবস্থা করেছে বিওএ? কোন পথ দিয়ে, কীভাবে হকি দল ইনচন পৌঁছাবে, বিষয়গুলো বিওএ সপ্তাহ খানেক আগেই নাকি জানিয়েছিল ফেডারেশনকে। ফেডারেশনও তো তখন আপত্তি করতে পারত। হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ দাবি করলেন, সেটি করা হয়েছিল, ‘এভাবে ছেলেদের পাঠানোর ব্যাপারে আমি মোটেও রাজি ছিলাম না। এমন সিদ্ধান্তের বিরোধিতা করে তখনই হকি দলের ম্যানেজারকে বিওএতে পাঠাই। বশির ভাই বলেছিলেন, দেখি কী করা যায়। কিন্তু কোনো কাজ হলো না।’ ‘বশির ভাই’ মানে এশিয়ান গেমসে বাংলাদেশ দলের শেফ দ্য মিশন শেখ বশির আহমেদ।
এমন লম্বা ও ক্লান্তিকর ভ্রমণের প্রসঙ্গে বিওএর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফখরুদ্দিন হায়দার (অব.) কাল বললেন, ‘আমরা ওদের হোটেল দিয়েছি, খাবার কুপন, ট্রান্সপোর্টেরও ব্যবস্থা করে দিয়েছি। তাহলে তো আর সমস্যা হওয়া কথা নয়।’ এত লম্বা সময়ের ট্রানজিট কি এড়ানো যেত না? এবার জবাব দিলেন, ‘আমি এসব বিষয়ে কিছু জানি না। শেফ দ্য মিশন এ ব্যাপারে সব সিদ্ধান্ত নিয়েছেন। উনিই ভালো বলতে পারবেন।’ শেখ বশির আহমেদ ইনচন চলে যাওয়ায় তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি।