হকি দলের জার্মানি-যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এএইচএফ (এশিয়ান হকি ফেডারেশন) কাপ হবে হংকংয়ে। কিন্তু জার্মানিতে হবে খেলোয়াড়দের কন্ডিশনিং ক্যাম্প। খেলোয়াড়-কর্মকর্তাদের জার্মানি-যাত্রার আগে হকি ফেডারেশনের কালকের সংবাদ সম্মেলনে ঘুরেফিরে তাই এই নিয়েই প্রশ্ন উঠল বারবার।
আগামী ১৯-২৭ নভেম্বর হংকংয়ে হবে এএইচএফ কাপ হকি। ওই টুর্নামেন্টের সেরা চার দল সুযোগ পাবে আগামী এশিয়া কাপ হকিতে। এএইচএফ কাপের জন্যই কন্ডিশনিং ক্যাম্পের আয়োজন করেছে ফেডারেশন। ক্যাম্পের পাশাপাশি জার্মানিতে ১০টি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ দল। খেলোয়াড়দের ঢাকায় ফেরার কথা ৬ নভেম্বর।
গত মাসেই এই কন্ডিশনিং ক্যাম্পে অংশ নিতে জার্মানিতে গেছেন নয়জন হকি খেলোয়াড়—জিমি, চয়ন, সিতুল, কৌশিক, সারোয়ার, পিন্টু, কৃষ্ণ, তাপস ও ইমন। জার্মানির উদ্দেশে আজ ভোরের বিমানে চড়বেন পুষ্কর, জাহিদ, অসীম, রানা, মিলন, রেজাউল, খোরশেদ, আশরাফুল, রোমান ও আরশাদ। জার্মানিতে রয়েছে পাঁচ সদস্যের জার্মান কোচিং প্যানেল। তারপরও স্থানীয় কোচ হিসেবে নেওয়া হচ্ছে মাহবুব হারুনকে।
বার্লিনে জিমিদের সঙ্গে এই ১০ জন খেলোয়াড় যোগ হয়ে আগামীকাল পোল্যান্ডে রওনা হবে দল। সেখানে পোল্যান্ডের সঙ্গে ছয়টি প্রস্তুতি ম্যাচ খেলবে ১৯ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত। ২৭-৩০ অক্টোবর আরও চারটি প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রিয়ার সঙ্গে। সূচি মেলাতে না পেরে ফ্রান্সের সঙ্গে ম্যাচ বাতিল করতে হয়েছে বাংলাদেশকে।
১২ দিনে বাংলাদেশ দল খেলবে ১০টি প্রীতি ম্যাচ। এভাবে টানা ম্যাচ খেলা কতটা যৌক্তিক? জাতীয় দলের স্ট্রাইকার পুষ্কর খীসা মিমো বেশ উদ্বিগ্নই বিষয়টা নিয়ে, ‘আমিসহ এই দলের অনেকে অবশ্য আগেও অনেকবার ইউরোপে খেলেছি। তবে যারা প্রথমবার খেলতে যাচ্ছে তাদের একটু সমস্যা হতে পারে। প্রতিদিন এভাবে ম্যাচ খেলতে গেলে কেউ হঠাৎ ইনজুরিতেও পড়তে পারে।’
হংকংয়ের পুরো বিপরীত আবহাওয়া জার্মানিতে। সেখানে তাই এভাবে দল পাঠানো নিয়ে নানা সমালোচনা হচ্ছে। এমনকি বাংলাদেশের জার্মান দূতাবাসে চিঠিও গেছে দল না পাঠানোর জন্য। হকি ফেডারেশনের সহসভাপতি ও জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান শফিউল্লাহ আল মুনীর জানিয়েছেন, ‘আমি ও আমার অফিস এই কন্ডিশনিং ক্যাম্পের সবকিছুর গ্যারান্টর। এই দলের সবাই জার্মানি থেকে ফিরে আসবে, সেই নিশ্চয়তা আমি দিচ্ছি।’ পুরো দলের পৃষ্ঠপোষকতাও করছেন এই কর্মকর্তা।
জার্মানিগামী দল নির্বাচনের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছে। ৩৫ জনের প্রাথমিক দলেও সুযোগ পাননি হাসান যুবায়ের নিলয়। লিগে নিয়মিত না খেলেও দলে সুযোগ পেয়েছেন মেহরাব হোসেন কিরণ। ইতালিপ্রবাসী এই গোলরক্ষক জার্মানিতে গিয়ে যোগ দেবেন দলের সঙ্গে।