হকি দলের দিল্লি-যাত্রা
সাত বছর আগে জুনিয়র নেহরু কাপ হকিতে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। কিন্তু ভারতের সিনিয়রদের কোনো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়াটা জিমি-চয়নদের কাছে এখনো কষ্টকল্পনা। দিল্লিতে অনুষ্ঠেয় দুটি সিনিয়র টুর্নামেন্ট নেহরু কাপ ও লাল বাহাদুর শাস্ত্রী ট্রফিতে অংশ নেওয়ার মুখ্য উদ্দেশ্যও তা নয়। আগামী ফেব্রুয়ারিতে দিল্লিতেই বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডে খেলবে বাংলাদেশ। ওটারই প্রস্তুতি হিসেবে নেহরু কাপ ও লাল বাহাদুর শাস্ত্রী হকিতে খেলতে আগামীকাল রওনা হচ্ছে বাংলাদেশ জাতীয় হকি দল। নেহরু কাপ হবে ১৪-২৫ নভেম্বর, লাল বাহাদুর শাস্ত্রী ২৫ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর। বাংলাদেশ দুটি টুর্নামেন্টেই সরাসরি দ্বিতীয় রাউন্ডে খেলবে। নেহরু কাপের প্রথম ম্যাচ ১৮ নভেম্বর। বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, মালয়েশিয়া ও ওমানের একটি করে দল অংশ নিচ্ছে নেহরু কাপে। যাওয়ার আগে কাল অলিম্পিক ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে কোচ মাহবুব হারুন বললেন, ‘আমরা খেলব দ্বিতীয় রাউন্ডে। যদিও জানি না কারা আমাদের প্রতিপক্ষ। তবে ভারতের স্থানীয় দলগুলো খুবই শক্তিশালী। ওদের প্রতিটি দলে আছে জাতীয় দলের খেলোয়াড়। যেহেতু বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডে আমরা ভারতের গ্রুপে, তাই এই টুর্নামেন্ট দুটি আমাদের খুবই কাজে লাগবে।’ এ সফরে সুযোগ পাননি সর্বশেষ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা মইনুল ইসলাম।