হকি দলের ব্যাংকক মিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার বছর আগে সিঙ্গাপুরে এএইচএফ কাপ হকিতে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। সেই বাংলাদেশই এরপর দেশের মাটিতে এশিয়ান গেমস বাছাইয়ে সাত দলের মধ্যে পঞ্চম হয়ে এশিয়ান গেমসে খেলার যোগ্যতা মান পেরিয়েছে। শুধু ‘চ্যাম্পিয়ন’ তকমাটা গায়ে লাগিয়েই ব্যাংককে চতুর্থ এএইচএফ কাপে খেলতে আগামীকাল রওনা হচ্ছেন রাসেল মাহমুদরা। এমন একটি টুর্নামেন্টে খেলার জন্য সে রকম অনুশীলনই হয়নি তাদের!১৬-২৪ এপ্রিলের টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। গ্রুপ সঙ্গী সিঙ্গাপুর, চীনা তাইপে ও থাইল্যান্ড। ‘এ’ গ্রুপে ওমান, হংকং, শ্রীলঙ্কা, উজবেকিস্তান ও কাজাখস্তান। ১৭ এপ্রিল বাংলাদেশের প্রথম ম্যাচে প্রতিপক্ষ চীনা তাইপে, ১৯ ও ২০ এপ্রিলের ম্যাচে সিঙ্গাপুর ও থাইল্যান্ড। সেমিফাইনাল দুটি হবে ২৩ এপ্রিল। ২৪ এপ্রিল ফাইনাল। এখান থেকে শীর্ষ চার দল খেলবে আগামী বছর সিঙ্গাপুরে অনুষ্ঠেয় নবম এশিয়া কাপে। বিকেএসপি ও বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে একটি করে প্রস্তুতি ম্যাচ খেলে হংকং যাচ্ছে বাংলাদেশ। কিন্তু বিওএ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে কোচ মাহবুব হারুণ যা বললেন, তাতে একটু অসন্তোষই প্রকাশ পেয়েছে, ‘আরও কিছু ম্যাচ খেললে ভালো হতো।’ একই কথা ডিফেন্ডার আসাদুজ্জামানের কণ্ঠে, ‘অন্তত ভারতে গিয়েও যদি কোনো ক্লাবের সঙ্গে খেলতে পারতাম, খুব ভালো হতো।’ তবে এই দল নিয়েই আশাবাদী অধিনায়ক রাসেল মাহমুদ, ‘আমরা অনেক প্রস্তুতি ম্যাচ না খেললেও জাতীয় দলের অনেকেই স্বাধীনতা দিবস হকিতে খেলেছি। আমরা তো খেলার মধ্যেই ছিলাম। আশা করি এবারও চ্যাম্পিয়ন হতে পারব।’