হকি দলের 'মাঠের অভাব'
সাত দিনের কথা বলে পনেরো দিন হতে যাচ্ছে। তবু বিকেএসপি থেকে ফিরতে পারছে না হকি দল। সপ্তাহ খানেকের জন্য এশিয়া কাপের কন্ডিশনিং ক্যাম্প করতে হকির প্রাথমিক দলকে বিকেএসপি পাঠানো হয়েছিল ১০ জুন। কথা ছিল সাত-আট দিন পর দল ফিরে আসবে ঢাকায়। মওলানা ভাসানী স্টেডিয়ামে শুরু হবে প্রস্তুতি। কিন্তু গতকাল পর্যন্ত ঠিক হয়নি হকি দল কবে বিকেএসপি থেকে ফিরবে।
বিকেএসপিতে টার্ফ নেই এখন। পুরোনো টার্ফ তুলে নতুন টার্ফ স্থাপন করা হচ্ছে। তাই সেখানে শুধু শারীরিক ফিটনেস নিয়েই কাজ হচ্ছে। স্টিক-বলে যেতে পারছে না দল। দল ঢাকায় ফিরলে স্টিক-বলে অনুশীলন শুরুর কথা। কিন্তু এখানে মওলানা ভাসানী স্টেডিয়াম প্রস্তুত নয়। বহু পুরোনো পানি সরবরাহ সমস্যাটা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। হকি দলের প্রস্তুতির ব্যাপারটা সামনে এলেই শোনা যায় ‘পাম্প নষ্ট’। আবারও নাকি তা-ই হয়েছে। তার ওপর টার্ফটা নোংরা হয়ে পড়েছে। পরিষ্কার করা প্রয়োজন। সেটি না হওয়া পর্যন্ত বিকেএসপিতেই আটকে থাকতে হচ্ছে হকি দলকে।
কোচ মাহবুব হারুন অবশ্য আশাবাদী দুই-তিন দিনের মধ্যে সমস্যার সমাধান হবে, ‘মওলানা ভাসানী স্টেডিয়ামে দুটি পাম্পের একটি নষ্ট, অন্যটি সচল আছে। সচল পাম্প দিয়ে পানি সরবরাহ করা যাবে শুনেছি। তবে মাঠ একটু পরিষ্কার করার ব্যাপার আছে। তাই বিকেএসপি থেকে ফিরতে একটু দেরি হচ্ছে। আশা করি, সোম-মঙ্গলবার নাগাদ আমরা ঢাকায় ফিরব।’
ওদিকে বিকেএসপিতে থাকতে থাকতে বিরক্ত হয়ে উঠেছেন খেলোয়াড়েরা। তাঁরা এখন স্টিক-বলে অনুশীলন চান। একটানা শারীরিক অনুশীলন তাঁদের আর ভালো লাগছে না। জাতীয় দলের সর্বশেষ অধিনায়ক জাহিদ হোসেন বিকেএসপি থেকে বললেন, ‘কন্ডিশনিং ক্যাম্প আর কত দিন করব! এখন তো বলে যাওয়া দরকার। কিন্তু ঢাকায় মাঠ প্রস্তুত না হওয়ায় যেতে পারছি না।’
এ ঘটনা এটাই জানান দিচ্ছে, সমস্যা পিছু ছাড়ছে না হকির। নির্বাচন নিয়ে ঝামেলা, দলবদল নিয়ে অনিশ্চয়তা, এখন ‘মাঠের অভাব’। হকিতে স্বস্তির খবর কবে শোনা যাবে?