হকি নিয়ে মন্ত্রীর উদ্যোগ
হকির চলমান সংকট সমাধানে এবার উদ্যোগ নিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। জাতীয় ক্রীড়া পরিষদে কাল প্রিমিয়ার লিগের ১১টি ক্লাবের প্রতিনিধি এবং হকি ফেডারেশন কর্মকর্তাদের নিয়ে সভা করেন মন্ত্রী। আলাদা আলাদাভাবে প্রতিটি ক্লাব প্রতিনিধির কাছে তাঁদের বক্তব্য জানতে চান তিনি। ক্লাবগুলোর একটাই চাওয়া—যেন সব দলের অংশগ্রহণে হয় আসন্ন প্রিমিয়ার হকি লিগ। জয়ের উদ্যোগে খেলা মাঠে গড়ানোর সম্ভাবনা জেগে উঠেছে। এক সপ্তাহের মধ্যে হকির চলমান সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন মন্ত্রী।
ফেডারেশনের নির্বাচনে অনিয়মের অভিযোগে বর্তমান কমিটির অধীনে গত মৌসুম থেকে হকির সব রকম কর্মকাণ্ডে অংশ নেওয়া থেকে বিরত থাকে মোহামেডান, মেরিনার্স, ওয়ারী এবং বাংলাদেশ স্পোর্টিং ক্লাব। এরই ধারাবাহিকতায় তারা অংশ নেয়নি গত মৌসুমের প্রিমিয়ার হকি লিগে। তাদের ছাড়াই লিগ হয়েছে, যদিও তা ছিল আকর্ষণহীন। ফেডারেশন গতবার অবনমন প্রথাও স্থগিত রাখে। এবার তিন দফা দলবদলের তারিখ দিয়েও মোহামেডান বলয়ের চার দলকে লিগে আগ্রহী করে তুলতে পারেনি। হকির আরও দুই বড় দল আবাহনী ও ঊষা পিঠটান দেওয়ায় সম্প্রতি বেশি নাজুক অবস্থায় পড়েছে ফেডারেশনের বর্তমান কমিটি। কাল মন্ত্রীর সঙ্গে সভার পর ঊষার সাধারণ সম্পাদক রশিদ শিকদার জানালেন, ‘আমাদের একমাত্র ইভেন্ট হকি। আমরা চাই হকি মাঠে থাক এবং সব দল লিগে অংশগ্রহণ করুক। এ জন্য যতটা সময় দরকার, আমরা অপেক্ষা করতে রাজি। হকির বৃহত্তর স্বার্থে জাতীয় ক্রীড়া পরিষদ বা মন্ত্রী মহোদয় যদি কোনো উদ্যোগ নেন সেই সিদ্ধান্তেরও পক্ষে থাকব আমরা।’
বর্তমান কমিটি পুনর্গঠনের দাবি জানিয়েছে চার ‘বিদ্রোহী’ ক্লাব। মোহামেডানের প্রতিনিধি এবং সাবেক খেলোয়াড় আরিফুল হক প্রিন্স জানালেন, ‘আমাদের দাবি একটাই। ফেডারেশন সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহকে সরিয়ে অন্য যে কাউকে দায়িত্ব দিলেই আমরা লিগে খেলব।’
সব পক্ষের কথা শুনে উপমন্ত্রীর কথা, ‘এই সমস্যা সমাধানে দু-এক দিনের মধ্যেই ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, মোহামেডান, আবাহনী, ঊষা কর্মকর্তা এবং ক্রীড়াঙ্গনের অন্য সিনিয়রদের নিয়ে সভায় বসব। আমি আশ্বাস দিচ্ছি, হকি মাঠে গড়াবে এবং সবাইকে নিয়েই খেলা হবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করব যাতে দলবদলের তারিখটাও না পেছানো যায়।’ নতুন সূচি অনুযায়ী ২৪-২৬ মে হওয়ার কথা এই মৌসুমের দলবদল।