হকি ফেডারেশনকে ছয় ক্লাবের হুঁশিয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত কয়েক দিনের নাটকীয় সব ঘটনার পর কাল হকিতে জন্ম নিল আরেকটা নাটক।

মোহামেডানসহ প্রিমিয়ার লিগের ছয়টি দল সংবাদ সম্মেলন করে ফেডারেশনকে হুঁশিয়ারি দিল, ফেডারেশনের নির্বাচনে জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পাঁচ কাউন্সিলর ২৪ ঘণ্টার মধ্যে পরিবর্তন করতে হবে। নইলে হকির কোনো কার্যক্রমেই তারা অংশ নেবে না। যার অর্থ ২৭ জুনের নির্বাচন, ২-৪ জুলাইয়ের দলবদল—সবই বর্জন করবে এই ক্লাবগুলো। মোহামেডানের সঙ্গে আছে মেরিনার্স, বাংলাদেশ স্পোর্টিং, অ্যাজাক্স, ওয়ারী, ভিক্টোরিয়া।

উল্লেখ্য, সাবেক তারকা আবদুস সাদেক, জুম্মন লুসাই, মাহবুব হারুন, মামুনুর রশিদ ও আবাহনীর হকি ম্যানেজার জাকি আহমেদকে এবার কাউন্সিলর করেছে এনএসসি। তাঁরা সবাই আবাহনী ঘরানার—এটাই মূলত মোহামেডান ও তার মিত্রদের আপত্তি। লিগ চ্যাম্পিয়ন মোহামেডানের দাবি, ফেডারেশন সভাপতি এয়ার মার্শাল ইনামুল বারী বিষয়টা দেখবেন বললেও কোনো অগ্রগতি নেই। তাই বাধ্য হয়েই তাদের এই আলটিমেটাম। এই ক্লাবগুলো বলছে, আবাহনী-সমর্থিত সাধারণ সম্পাদক পদপ্রার্থী খাজা রহমতউল্লাহকে সুবিধা দিতেই এনএসসির কাউন্সিলর করা হয়েছে একটি ক্লাবের সাবেকদের। এখানে ভারসাম্য আনা উচিত ছিল।

মেরিনার্স ক্লাবে আয়োজিত কালকের সংবাদ সম্মেলনে বিদ্রোহী ছয় ক্লাবের প্রতিনিধিই ছিলেন। মোহামেডান-সমর্থিত সাধারণ সম্পাদক পদপ্রার্থী শফিউল্লাহ আল মুনীর, সহসভাপতি পদপ্রার্থী সাজেদ আদেলরা বলেন, এনএসসি কাউন্সিলর তালিকা ঘোষণা করলেও ফেডারেশনই নামগুলো ঠিক করে দিয়েছে। কাজেই এখন ফেডারেশনকেই এটা বদলাতে হবে।

খেলোয়াড়দের ‘কর্মকাণ্ডের’ নিন্দা: হকি দলের খেলোয়াড়দের আন্দোলনকে অযৌক্তিক উল্লেখ করে কাল বিবৃতি দিয়েছেন ২০ জন সাবেক খেলোয়াড়। ‘উচ্ছৃঙ্খল আচরণ ও ভিত্তিহীন দাবি’ ছেড়ে সোজা পথে আসারও আহ্বান জানানো হয়েছে খেলোয়াড়দের। বিবৃতিতে সই করেছেন আবদুস সাদেক, আবদুল মাজেদ, কাওসার আলী, মাহবুব হারুন, জুম্মন লুসাই, আনভীর আদেল, খাজা ইরতেজা কাদের, মামুনুর রশিদ, রফিকুল ইসলাম কামাল, আলমগীর আলম, জাহিদ হোসেন (রাজু), কামরুল ইসলাম, জামাল হায়দার, হেদায়তুল ইসলাম, বায়েজিদ হায়দার, নেসার আহমদ, কাজী আবু জাফর, এহসান রানা, টুটুল কুমার নাগ ও আকতার হোসেন।