হকি ফেডারেশনের 'সার্কাস'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন বিদেশি কোচ নিয়োগ নিয়ে ভালোই ‘সার্কাস’ দেখাচ্ছে হকি ফেডারেশন। প্রায় প্রতিদিনই নিত্যনতুন নাম বলছেন কর্তারা। সুদূরপ্রসারী কোনো পরিকল্পনা দৃশ্যমান নয়। সবচেয়ে বড় কথা, একজন বিদেশি কোচ আনতে ফেডারেশনের রীতিমতো গলদঘর্ম অবস্থা।
সেপ্টেম্বরে ইনচন এশিয়ান গেমসের পরই বিদায় দেওয়া হয়েছে পাকিস্তানি কোচ নাভিদ আলমকে। এরপর ভারতীয় কোচ অজয় কুমার বানসালকে আনা চূড়ান্তই করে ফেলেছিল ফেডারেশন। কিন্তু এমন কোচ বেছে নেওয়া হয়েছে, যিনি ঢাকায় আসার জন্য নাকি তাঁর সংস্থা থেকে ছুটিই পাচ্ছেন না!
এরপর এল আন্তর্জাতিক হকি ফেডারেশনের কোচ মিশেল কিনানের নাম, যিনি ঢাকায় এর আগে একাধিকবার এসেছেন। মাঝখানে শোনা গেল তাঁর দিকে হাত বাড়িয়েছে ফেডারেশন। কিন্তু এঁদের কাউকেই নাকি এখন পাওয়া যাচ্ছে না। অগত্যা ফেডারেশন ঝুঁকছে এখন দেশি কোচের দিকে!
বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ড আগামী ১৭-২৫ জানুয়ারি। সিঙ্গাপুরে অনুষ্ঠেয় গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্ট ঘিরে এখনো জাতীয় দলের প্রস্তুতির খবরই নেই। অথচ সময় চলে যাচ্ছে। খেলোয়াড়েরা বসে আছেন। ফেডারেশন বলছে, কোচ চূড়ান্ত করতে না পারায় জাতীয় দলের ক্যাম্প শুরু করা যাচ্ছে না। প্রশ্ন হচ্ছে, যে কোচকে পাওয়া যাবে না তাঁর পেছনে ছোটা কেন?
কোচ নিয়ে সর্বশেষ খবর, আপৎকালীন কাজ চালাতে দেশি কোচের দিকেই শেষ পর্যন্ত ঝুঁকছেন কর্তারা। ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহর কথায় তেমন আভাস, ‘আগামী ২২ নভেম্বরের মধ্যে জাতীয় দলের ক্যাম্প শুরু হতে পারে। এর মধ্যেই বানসালের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত পেয়ে যেতে পারি। শেষ পর্যন্ত তাঁকে পাওয়া না গেলে স্থানীয় কোচ নিয়েই ক্যাম্প হবে।’
দেশি কোচই নিয়োগ দেওয়া হলে একটা ব্যাপার পরিষ্কারই হয়ে যাবে, হকি ফেডারেশন এত চেষ্টা করেও একজন বিদেশি কোচ আনতে পারল না! এখন তো কোচের জন্য মোটামুটি একটা তহবিল আছে, তার পরও সাংগঠনিক ব্যর্থতা কাটিয়ে উঠতে পারল না ফেডারেশন!
মজার ব্যাপার হলো, স্থানীয় কোচ হিসেবে বছর খানেক আগে জাতীয় দলের দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া মাহবুব হারুনের নামই বেশি শোনা যাচ্ছে। রহমতউল্লাহ অবশ্য ব্যাপারটা ঠেললেন কোচিং কমিটির কোর্টে। আজ কোচিং কমিটির সভা আছে, কমিটির সদস্যসচিব রফিকুল ইসলাম কামাল বলছেন, হকির জন্য ভালো হবে এমন সিদ্ধান্তই নেবে কমিটি।