হকি মাঠে এবার বিদ্যুৎ-রঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশু রাত আটটা থেকে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বিদ্যুৎ-বিভ্রাট। এর মধ্যেও অবশ্য হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমত উল্লাহ দিব্যি কাল বিকেলে তাঁর কক্ষে বৈদ্যুতিক পাখার বাতাস খাচ্ছিলেন লোকবল ও সাংবাদিক নিয়ে। আসল ঘটনা হলো, মাঠে পানি দেওয়ার লাইনে অন্য একটা সংযোগ আছে, সেটিতে বিদ্যুৎ না থাকায় এই বিপত্তি। কাল সোয়া তিনটার খেলা চারটা পর্যন্ত অপেক্ষা করেও বিদ্যুতের দেখা নেই। আবাহনী-ঊষা ম্যাচটা তাই হলোই না কাল। আজ হবে। জরুরি প্রয়োজনে জেনারেটরের ব্যবস্থা করা উচিত ফেডারেশনের, কিন্তু টাকা নেই দোহাই দিয়ে এটা নিয়ে তারা ভাবেই না। ক্রীড়া পরিষদ কখন কী করে দেবে তার জন্য বসে থাকে। যে কারণে এই ভোগান্তি। শাকিলের লঘু দণ্ড: দুই দিন আগে ম্যাচ চলাকালীন আবাহনী খেলোয়াড়কে দৃষ্টিকটুভাবে আঘাত করেও ঘরোয়া হকিতে মাত্র ছয় ম্যাচ বহিষ্কার হয়েছেন মোহামেডানের গোলরক্ষক শাকিল। অনেকে মনে করেন, তাঁর আরও অনেক বেশি শাস্তি পাওয়া উচিত ছিল। উপরন্তু আগামী মাসে সিঙ্গাপুরে ওয়ার্ল্ড লিগের জন্য জাতীয় দলেও তাঁকে ডেকে হকি ফেডারেশন বিস্মিত করেছে সবাইকে। মাঠে মাস্তানের মতো আচরণ করেও জাতীয় দলে কীভাবে খেলেন এই গোলরক্ষক—সেটিই বড় প্রশ্ন।