হকি মাঠে খেলোয়াড়ের একি আচরণ!
প্রিমিয়ার হকি লিগে গোলমাল চলছেই। সেই গোলমালের কেন্দ্রে বেশির ভাগ সময়ই থাকে মোহামেডান। কালও বাংলাদেশ স্পোর্টিংয়ের বিপক্ষে মোহামেডান খেলোয়াড়দের উচ্ছৃঙ্খল আচরণ বিস্মিত করেছে সবাইকে। ডিফেন্ডার আসাদুজ্জামান চন্দন ও পাকিস্তানি খেলোয়াড় সালমান সাদিক প্রতিপক্ষ খেলোয়াড়কে চড়-থাপ্পড় মেরেই ক্ষান্ত হননি, রীতিমতো পিটিয়েছেন পাকিস্তানি খেলোয়াড় সিরাজ আলী ও শাহবাজ আলীকে!
মওলানা ভাসানী স্টেডিয়ামে উত্তেজনার শুরু দ্বিতীয়ার্ধে। আক্রমণের একপর্যায়ে মোহামেডানের চন্দন সিরাজ আলীর গায়ের ওপর পড়ে যান। ওই সময় চন্দনকে ধাক্কা মারেন সিরাজ। এরপরই দেখা যায় চন্দনের উচ্ছৃঙ্খল আচরণ।
সিরাজকে চড় মারেন বদমেজাজি এই খেলোয়াড়, যা দেখে বাংলাদেশ স্পোর্টিংয়ে সিরাজের সহোদর শাহবাজ এগিয়ে আসেন মাঠেই। এরপর দুই ভাইকে পেটাতে থাকেন চন্দন ও সালমান। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ভূমিকা রাখতে রাখতেই দুই পাকিস্তানি মার খেলেন দেদার। এ সময় বাংলাদেশ স্পোর্টিংয়ের কর্মকর্তারা অসহায় হয়ে মাঠে ঘুরছিলেন। আম্পায়ার চন্দনকে লালকার্ড দেখিয়েছেন কিন্তু তাতেও সন্তুষ্ট নন বাংলাদেশ স্পোর্টিংয়ের খেলোয়াড়েরা। দলটি খেলতে রাজি না হওয়ায় ম্যাচ বন্ধ ছিল ২০ মিনিট। এরপর বিদেশিদের ছাড়াই স্থানীয়দের নিয়ে বাকি সময় খেলেছে বাংলাদেশ স্পোর্টিং।
ঘটনাবহুল ম্যাচে মোহামেডান ৪-৩ গোলে হারিয়েছে বাংলাদেশ স্পোর্টিংকে। দিনের অন্য ম্যাচে অ্যাজাক্স ২-১ গোলে জিতেছে সাধারণ বীমার বিপক্ষে।