হকি মাঠে নীল টার্ফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ) থেকে অনুদান হিসেবে পাওয়ার কথা ছিল সবুজ অ্যাস্ট্রো টার্ফ। তবে সবুজ নয়, নীল টার্ফ পাচ্ছে বাংলাদেশ হকি ফেডারেশন।
এফআইএইচের প্রশিক্ষণ পরিচালক তৈয়ব ইকরাম গত সপ্তাহে হকি ফেডারেশনে ই-মেইল করে বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী সেপ্টেম্বরে ঢাকায় হবে বিশ্ব হকি লিগের প্রথম পর্ব। নীল টার্ফেই হবে সব খেলা, এ জন্য সেপ্টেম্বরের আগেই টার্ফ বসানোর পরিকল্পনা আছে ফেডারেশনের। তিন লাখ ডলারের এই টার্ফের জন্য বাংলাদেশ সরকারকে দিতে হচ্ছে মাত্র ৭৫ হাজার ডলার। বাকি অর্থের দেড় লাখ ডলার দেবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি), ৭৫ হাজার ডলার এফআইএইচ। টার্ফ প্রস্তুতকারী অস্ট্রেলিয়ান প্রতিষ্ঠান স্পোর্টস টেকনোলোজির বিশেষজ্ঞ কর্মকর্তা স্টিভেন নিবেন আগামী সপ্তাহেই আসতে পারেন ঢাকায়। তবে টার্ফ বসানোর ব্যাপারে হকি ফেডারেশন আপাতত কোনো সবুজসংকেত দিতে পারছে না।
খেলোয়াড়দের ডাগ-আউটের পেছনের জায়গাটা নিয়েই তৈরি হয়েছে জটিলতা। আর্চারি ফেডারেশন সম্প্রতি জাতীয় ক্রীড়া পরিষদের কাছে ওই জায়গাটুকু বরাদ্দ চেয়েছে। কিন্তু একটি আন্তর্জাতিক মানের হকি স্টেডিয়ামের মধ্যে অন্য ফেডারেশনের খেলোয়াড়েরা অনুশীলন করলে তাতে হকি খেলোয়াড়দের জন্য সমস্যাই তৈরি হবে। বিষয়টির সুরাহার জন্য ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। এই জটিলতা কেটে গেলেই শুরু হবে নীল টার্ফ বসানোর কার্যক্রম। নতুন টার্ফ স্থাপনের ব্যাপারে অনেক অগ্রগতি হলেও ফ্লাডলাইট নিয়ে এখনো অন্ধকারে ফেডারেশন। এফআইএইচ থেকে ফ্লাডলাইট-সংশ্লিষ্ট কোনো নির্দেশনা এখনো পাওয়া যায়নি।