হকি মাঠে মুখোমুখি আবাহনী-মোহামেডান
মওলানা ভাসানী স্টেডিয়ামে আজ বড় ম্যাচ। বিকেল চারটায় মুখোমুখি আবাহনী-মোহামেডান। এটি এবারের হকি মৌসুমে দুই প্রধানের প্রথম সাক্ষাত্।দুদলই চলমান ক্লাব কাপ হকির সেমিফাইনালে উঠে গেছে। আজকের জয়ী দল ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হবে। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুবিধা, সেমিফাইনালে ঊষাকে এড়ানোর সুযোগ। তা ছাড়া মর্যাদার প্রশ্ন তো আছেই।গ্রুপের প্রথম তিনটি ম্যাচই জিতে অপরাজিত আছে দুদল। বড় পরীক্ষায় আজই পড়তে হচ্ছে। এই পরীক্ষায় কে এগিয়ে কে পিছিয়ে, সেই হিসাবে যেতে চাইলেন না আবাহনী কোচ কাওসার আলী। তাঁর কথা, মাঠেই প্রমাণ করতে হবে শ্রেষ্ঠত্ব। মোহামেডানের কোচ বরকতউল্লাহও চান মাঠেই নিজেদের সেরা হিসেবে প্রমাণ করতে।দুদলের খেলোয়াড় তালিকায় চোখ রাখলে মোহামেডানকেই এগিয়ে রাখতে হয়। বিকেএসপির একদল তরুণ নিয়ে এবারের আবাহনী। মোহামেডানে দেশসেরা খেলোয়াড়েরা আছেন এবার। আবাহনীর খেলোয়াড়দের এখন উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছে। পরীক্ষার কারণে খেলোয়াড়দের কিছু সময় রাখতে হচ্ছে পড়ার টেবিলে। তার পরও আবাহনী আশাবাদী হতে চায়। তবে বাস্তবতা হলো—আবাহনীরই অনেকে মনে করছেন, আজ এগিয়ে মোহামেডান।