হকি মাঠে সাবেকদের মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিলনমেলার টানে যুক্তরাষ্ট্র থেকে ছুটে এসেছেন সাবেক খেলোয়াড় আক্তার হোসেন (সবার ডানে)। প্রীতি ম্যাচের ফাঁকে আড্ডায় মেতে উঠলেন সতীর্থ মামুনুর, কামাল ও কোচ গোবিনাথানের সঙ্গে। কাল মওলানা ভাসানী স্টেডিয়ামে l প্রথম আলো
মিলনমেলার টানে যুক্তরাষ্ট্র থেকে ছুটে এসেছেন সাবেক খেলোয়াড় আক্তার হোসেন (সবার ডানে)। প্রীতি ম্যাচের ফাঁকে আড্ডায় মেতে উঠলেন সতীর্থ মামুনুর, কামাল ও কোচ গোবিনাথানের সঙ্গে। কাল মওলানা ভাসানী স্টেডিয়ামে l প্রথম আলো

একটুখানি খেলেই মাঠের পাশে ছুটে এলেন জুম্মন লুসাই। পানির বোতল তুলে ঢাললেন মুখে। হাঁপিয়ে উঠছেন, তবু মাঠ থেকে উঠে যেতে মন চাইছে না। জুম্মন লুসাইয়ের মতো অতীত দিনের অনেক হকি তারকাই কাল এসেছিলেন মওলানা ভাসানী স্টেডিয়ামে। বশির আহমেদ, জামিল পারভেজ (লুলু), হোসেন ইমাম চৌধুরী (শান্টা), আনভীর আদিল খান, ফজলুল ইসলাম, মাহবুব হারুন, খাজা রহমতউল্লাহ, কামরুল ইসলাম (কিসমত), ফজলুল ইসলাম, মামুনুর রশীদ, রফিকুল ইসলাম (কামাল), মনোয়ার হোসেনদের এক ছাতার নিচে এনেছিল বিজয় দিবস প্রীতি হকি ম্যাচ।
খেলা তো নিমিত্ত মাত্র, আড্ডাতেই বেশি মনোযোগী ছিলেন সবাই। অনেক দিন পর চেনা মুখগুলো একসঙ্গে দেখে উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি অনেকে। কেউ একজন স্টেডিয়ামে ঢুকতেই বুকে জড়িয়ে ধরে স্বাগত জানাচ্ছেন আরেকজন। সব্যসাচী খেলোয়াড় বশির আহমেদ যেন এই দিনটির অপেক্ষাতেই ছিলেন, ‘বঙ্গভবনে রাষ্ট্রপতির আমন্ত্রণ পেয়েছিলাম। যাইনি, শুধু এখানে খেলতে আসব বলে।’ এই ম্যাচ দেখতে ভিআইপি গ্যালারিতে বসে ছিলেন সাবেক খেলোয়াড়দের অনেকের স্ত্রী-সন্তানেরা। দুই ছেলে আবতাহি মাহবুব ও আরহাম মাহবুবকে নিয়ে এসেছিলেন মাহবুব হারুন। কিশোর আরহাম বলছিল, ‘বাবার খেলা কখনো দেখিনি। শুধু ওই সময়ের খেলার ছবি দেখেছি। আজ স্টিক হাতে, জার্সি পরা বাবাকে খেলতে দেখে খুব ভালো লাগছিল।’
একসময় ঢাকা লিগে খেলেছেন জাতীয় হকি দলের বর্তমান কোচ মালয়েশিয়ার গোবিনাথান কৃষ্ণমূর্তি। কাল খেললেন পুরোনো সতীর্থ কামালের বিপক্ষে। ম্যাচের বিরতিতে কামালের খুনসুটি, ‘তুমি আমাকে ওভাবে আটকালে কেন?’ গোবিনাথানের পাল্টা উত্তর, ‘এখনো তুমি আমাকে হারাতে পারবে না।’ টুকরো টুকরো এমন হাসিখুশির দৃশ্যে গোবিনাথানের মনে পড়ে যাচ্ছিল নিজের দেশের মিলনমেলার কথা, ‘প্রতি মাসে মালয়েশিয়ায় আমরা সব সাবেক খেলোয়াড় এক হই। খেলি, আড্ডা দিই। বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে হকিতে এমন মিলনমেলা দেখে খুব ভালো লাগছে।’ ম্যাচ শেষে বাংলাদেশে সফররত আন্তর্জাতিক হকি ফেডারেশনের সভাপতি লিয়ান্দ্রো নেগ্রে পরিচিত হন খেলোয়াড়দের সঙ্গে।
প্রীতি ম্যাচে সভাপতি একাদশকে ৬-৪ গোলে হারিয়েছে ফেডারেশন একাদশ। অহেতুকই এটা বলা। এটা কি হার-জিতের ম্যাচ ছিল নাকি!