হকি মাঠের ‘খেলনা’ নেপাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই ম্যাচে ৪০ গোল হজম—হকি মাঠে নেপাল দলটার অন্য নাম হতে পারে খেলনা! যার যা ইচ্ছা গোল দিয়ে যাচ্ছে।পরশু ভারত দিয়েছিল ২১ গোল (২১-০) কাল পাকিস্তান দিয়েছে ১৯ গোল (১৯-০)। তবে নেপাল যে হকি খেলছে, এর জন্যই তাদের ধন্যবাদ দিচ্ছে অনেকে। সাহস করে বড় দলের সামনে দাঁড়ানোও তো কম নয়!শ্রীলঙ্কা মোটামুটি খেলছে। বাংলাদেশের কাছে ১-৩ গোলে হারের পর কাল ভারতের কাছে হেরেছে ২-৭ গোলে। খুব একটা খারাপ করেনি।হকি মহলে ভারতকেই গেমসের সবচেয়ে শক্তিশালী দল হিসেবে দেখা হচ্ছে। দলটি বেশ সংগঠিত, দ্রুত আক্রমণে যায়। এই দলে মূল দলের বেশ কয়েকজন খেলোয়াড় আছেন। তুলনায় পাকিস্তান ভারতের চেয়ে একটু পিছিয়ে। গত দুই দিনে খেলা দেখার পর হকি কোচ বরকতউল্লাহ চপল বললেন, ‘ভারতকেই এগিয়ে রাখব আমি। দলটি বেশ ধারাল এবং মনে হচ্ছে তারা গেমসের সোনা জেতার জন্য তৈরি হয়ে এসেছে।’ফাইনালে খেলার লক্ষ্য বাংলাদেশের, কিন্তু ভারত-পাকিস্তানের কাউকে টেক্কা দেওয়া সম্ভব বলে মনে হচ্ছে না। যদিও নেপাল-শ্রীলঙ্কার বিপক্ষে ভারত-পাকিস্তানের আসল রূপটা বেরিয়ে আসেনি, তবে গেমস শুরুর পর বোঞ্জই বাংলাদেশের কাছে বাস্তব প্রত্যাশা বলে ধরা হচ্ছে। আগামীকাল বাংলাদেশ-পাকিস্তান ম্যাচেই ছবিটা স্পষ্ট হয়ে যাবে।পাকিস্তানের স্ট্রাইকার ওয়াসিফ সিদ্দিকী বাংলাদেশের বিপক্ষে জ্বলে উঠলে বড় পরাজয়ের শঙ্কা থাকবে। কাল তিনি নেপালের বিপক্ষে ৬ গোল করেছেন। আবদুল কাইয়ুম করেছেন ৫ গোল। ২টি করে গোল জিসান আলী, সাবতিন রেজার। মহসিন বিলাল, জুবায়ের আহমেদ, আবদুল খালিক ও নেগাম আহমেদ করেছেন বাকি ৪ গোল। গোলবন্যা হওয়া দ্বিতীয় দিনেও হ্যাটট্রিক নেই। শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের মোহাম্মদ ও রঘুনাথ করেছেন দুটি করে গোল। বাকি তিন গোল—ধারমভ, অধিনায়ক অজিতেশ ও প্রমোদের। লড়াই চালিয়েছিলেন শ্রীলঙ্কার আবেরত্নে, তিনিই প্রথমে ২-১, এরপর ২-৬ করেন।