হকি লিগ অনিশ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মৌসুমের প্রিমিয়ার হকি লিগেই অংশ নেয়নি মোহামেডান, মেরিনার্স, ওয়ারী ও বাংলাদেশ স্পোর্টিং ক্লাব। হকি অঙ্গনে গুঞ্জন, লিগের সবচেয়ে বড় দুই দল আবাহনী ও ঊষাও নাকি এবার পিঠটান দিতে পারে।
কয়েক দফা পেছানোর পর দলবদলের নতুন সূচি দেওয়া হয়েছে, দলবদল হওয়ার কথা আগামী ৫-৭ মে। কিন্তু সূচিতে আগ্রহী নয় এই দুই বড় দল। ২৩ এপ্রিল লিগ কমিটিকে প্রথম চিঠি দেয় আবাহনী। তারপর ঊষা ও ওয়ান্ডারার্স। আবাহনী ও ওয়ান্ডারার্সের চিঠির মূল কথা, সব দল না খেললে তারা লিগে অংশ নিতে আগ্রহী নয়। ঊষা অবশ্য দলবদল আরও এক মাস পেছাতে অনুরোধ করেছে। মোহামেডানসহ চার দল লিগে অংশ না নেওয়ার পুরোনো সিদ্ধান্তে অনড়—এটা জেনেও আবাহনী, ঊষা ও ওয়ান্ডারার্সের মতো ফেডারেশনের রাজনীতিতে গুরুত্বপূর্ণ তিনটি দলের চিঠি বেকায়দায় ফেলেছে ফেডারেশনকে। নতুন করে সৃষ্ট এই জটিলতা কাটাতে তাই ৩ মে জরুরি সভা ডেকেছে লিগ কমিটি। ওই সভায় হয়তো আরেক দফা দলবদল পেছানোর সিদ্ধান্ত আসতে পারে।
ফেডারেশনের ভেতরেই দিনকে দিন সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহর অবস্থান দুর্বল হয়ে পড়েছে। তাঁকে সরিয়ে নতুন কাউকে দায়িত্ব দিলেই হয়তো হকির জটিলতা কমবে বলে মনে করেন অনেকে। নাম প্রকাশে অনিচ্ছুক ফেডারেশনের কার্যনির্বাহী কমিটিরই এক প্রভাবশালী সদস্য কাল বললেন, ‘হকির স্বার্থেই এখন তাঁর সরে যাওয়া উচিত। তিনি নিজের ক্লাবেই গ্রহণযোগ্যতা হারিয়েছেন। এমনকি কার্যনির্বাহী কমিটির সদস্যরাও তাঁকে ইদানীং সহযোগিতা করতে আগ্রহী নন।’
খাজা রহমতউল্লাহ সব দলের অংশগ্রহণে জমজমাট লিগ আয়োজন করতে কাঠখড় পুড়িয়েই চলেছেন। কিন্তু তাঁর ডাকে দৃশ্যত সাড়া দিচ্ছেন না কেউ। একজন মন্ত্রী তাঁর সচিবালয়ের কার্যালয়ে আজ দুপুরে মোহামেডানের ডাইরেক্টর ইন চার্জ লোকমান হোসেন ভূঁইয়াকে আলোচনা করতে ডেকেছেন। সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসানও থাকতে পারেন। তবে এই আলোচনা কতটা ফলপ্রসূ হবে, তা নিয়েও সংশয় আছে।