প্রিমিয়ার হকি লিগ যেন এক রঙ্গমঞ্চ। কাল বেলা দুইটায় শুরু হওয়া মেরিনার্স-সোনালী ম্যাচ শেষ হওয়ার কথা ছিল সাড়ে তিনটায়। কিন্তু বারবার আম্পায়ারের সিদ্ধান্ত দুই দল মেনে না নেওয়ায় খেলা বন্ধ হয়েছে মোট চারবার। শেষ পর্যন্ত এক ঘণ্টারও কিছু বেশি সময় পর শেষ হওয়া ম্যাচটা ২-১ গোলে জিতেছে মেরিনার্স।
দিনের দ্বিতীয় অর্থাৎ মোহামেডান-ঊষা ম্যাচ অবশ্য শেষই হয়নি কাল। বিকেল সোয়া চারটায় শুরু হওয়ার কথা থাকলে এই ম্যাচ শুরু হতে হতে পাঁচটা! শুরুর আগেই মোহামেডান গোঁ ধরে বসে, তাদের ভাষায় ‘নিম্নমানের’ বিদেশি আম্পয়ারের অধীনে খেলবে না। আম্পায়ার ছিলেন সিঙ্গাপুর ও শ্রীলঙ্কার। এ নিয়ে দেনদরবার ও কর্তাদের হস্তক্ষেপে ম্যাচ শুরু।
কিন্তু যথারীতি আবার সেই আম্পায়ারের সিদ্ধান্ত না মানার কুসংস্কৃতি দেখা গেল। প্রথমার্ধে একবার অনেকটা সময় বন্ধ থাকল খেলা। দ্বিতীয়ার্ধে আবার খেলা বন্ধ। এক সময় অন্ধকার নেমে আসে মওলানা ভাসানী স্টেডিয়াম। ৫২ মিনিট পর বাজল শেষ বাঁশি। বাকি অংশটা হবে আজ সকাল সাড়ে ১১টায়।
এসব নাটক দেখে অসহায় হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুস সাদেক বললেন, ‘কোনো আম্পায়ারকেই ক্লাবগুলো মানছে না। এখন হয়তো বলতে হবে তোমরা আম্পায়ার আনো, ফেডারেশন টাকা দেবে।’
কাল মোহামেডান–ঊষা যতটুকু খেলা হয়েছে, লড়াইটা ছিল উপভোগ্যই। স্কোরলাইন ২-২। ঊষাকে এগিয়ে নেন পাকিস্তানি আলিম বেলাল, দারুণ স্টিক ওয়ার্কে জিমি করেন ১-১। কৃষ্ণ ঊষাকে এগিয়ে নেন ২-১ গোলে, পেনাল্টি কর্নার থেকে মোহামেডানকে ম্যাচে ফেরান মোহাম্মদ ইমরান।
গ্রিন ডেল্টাই স্পনসর: ১৯৮৬ সাল থেকে হকি লিগ পৃষ্ঠপোষণা করছে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানি। প্রতিষ্ঠানটি কাল নতুন করে আরও তিন বছরের জন্য প্রিমিয়ার ও প্রথম বিভাগের পৃষ্ঠপোষক হওয়ার কথা জানিয়েছে হকি ফেডারেশন সভাপতিকে। আগামী তিন বছরে এক কোটি টাকা দেবে গ্রিন ডেল্টা।