হকি-সংকটের দায় কার?
ধরা হচ্ছিল, গত এক বছরে আন্তর্জাতিক সাফল্য হকিকে দিয়েছে নতুন দিনের সন্ধান। দলবদলের দাবিতে পরশু শুরু হওয়া খেলোয়াড় বিদ্রোহ সেই সম্ভাবনার সামনে প্রশ্নচিহ্নই এঁকে দিল।
প্রায় প্রতিবছরই দলবদল চেয়ে হকি খেলোয়াড়দের আন্দোলনে নামা এখন যেন অলিখিত নিয়ম! এই আত্মঘাতী অবস্থার পেছনে অনেক কারণই লুকিয়ে আছে। বাংলাদেশের হকির সবচেয়ে বড় বাস্তবতার নাম ক্লাব রাজনীতি। ক্লাব দলবদল না করলে ফেডারেশন অসহায়। মজার ব্যাপার, ক্লাব কর্তারাই ফেডারেশন চালান। তাঁরা ফেডারেশনের সভায় একরকম কথা বলেন, ফেডারেশন থেকে বেরিয়ে ঘুরে যান ১৮০ ডিগ্রি।
ফেডারেশনে আবাহনী-সমর্থিত সাধারণ সম্পাদক থাকলে মোহামেডান অনেক ক্ষেত্রেই পিছটান দেয়, উল্টো দিকে মোহামেডান-সমর্থিত সাধারণ সম্পাদক আবাহনীর ষোল আনা সমর্থন পায় না।
এই বাস্তবতার পাশে এটাও সত্যি, হকি ফেডারেশন নিজস্ব কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারেনি এত দিনেও। মোচড় দিলেই ভেঙে পড়ে। অদূরদর্শিতার সঙ্গে ঘুমিয়ে ঘুমিয়ে সময় কাটাতে তারা অভ্যস্ত। লিগ কমিটি গঠন করতেই অনেকটা সময় পার হয়! ক্লাবের সঙ্গে ঠিকমতো যোগাযোগ রক্ষা করে না ফেডারেশন। আলাপ-আলোচনা নেই। অনেক সময় একটা চিঠি দিয়েই খালাস। দলবদলের জন্য সময়মতো সর্বসম্মত সিদ্ধান্ত নিতে বরাবরই ব্যর্থ হচ্ছে হকি ফেডারেশন।
এই সবকিছুরই কুফল বর্তমান অচলাবস্থা। আগস্টে এশিয়া কাপ সামনে রেখে বাংলাদেশ দলের আবাসিক ক্যাম্প ডেকেও তা স্থগিত করা হয়েছে দুই দিন আগে। আগে নির্বাচন, তারপর দলবদল—এই ছিল তিন দিন আগে নেওয়া লিগ কমিটির সিদ্ধান্ত। নির্বাচন কবে হবে ঠিক নেই। এই অনিশ্চয়তায় হাবুডুবু খাওয়া খেলোয়াড়েরা বাধ্য হয়েই দলবদল না হওয়া পর্যন্ত জাতীয় দলের সব কার্যক্রমে নিজেদের বিরত রাখার ঘোষণা দিয়েছেন।
খেলোয়াড়দের দাবির প্রতি সহমর্মিতা থাকলেও বর্তমান ফেডারেশনের সদস্য সাবেক অধিনায়ক মামুনুর রশিদ বলছেন, ‘এতটা ধৈর্য হারিয়ে অস্থির না হলেও পারত খেলোয়াড়েরা। দলবদলের সময় তো চলে যায়নি।’
হকির সংস্কৃতিই এমন হয়ে গেছে যে, খেলোয়াড়েরাও এখন চরম পথ বেছে নিতে দ্বিতীয়বার ভাবেন না। ক্যাম্প বর্জন খুব সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
এই অবস্থার জন্য ক্লাবগুলোর আর্থিক সংকট বড় একটা কারণ। আবাহনী-মোহামেডান ছাড়া বাকি ক্লাবগুলো চাইলেই দলবদলের জন্য টাকা জোগাড় করতে পারে না। জাতীয় দলের সাবেক স্ট্রাইকার ও বর্তমানে ঊষার কর্মকর্তা রফিকুল ইসলাম কামাল সেটিই বলছেন, ‘দেশের বর্তমান পরিস্থিতিতে স্পনসর পাওয়া খুবই কঠিন। মূলত আর্থিক সংকটের কারণে চাইলেই বেশির ভাগ ক্লাব দলবদল করতে পারে না।’
এটা বছরের পর বছর ধরে চলছে। অনেক সময় কর্মকর্তাদের ব্যক্তিগত ক্ষমতার দ্বন্দ্ব দলবদলের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। ক্লাব ও ফেডারেশন—দুই পক্ষই সেই চোরাবালিতে হারিয়ে যায়। জাতীয় দলের সাবেক অধিনায়ক শাহাবুদ্দিন চাকলাদার গোটা ব্যাপারটা বিশ্লেষণ করছেন এভাবে, ‘ক্লাব ও ফেডারেশন দুই পক্ষ মিলেই খেলোয়াড়দের পেটে লাথি মারছে। খেলোয়াড়দের রুটি-রুজির কথা ভেবে অবিলম্বে দলবল দেওয়া উচিত।’
কিন্তু সংখ্যাগরিষ্ঠ ক্লাব তো দলবদল এখন চায় না! লিগ কমিটির সর্বশেষ সভায় ১১টি দলের মধ্যে আবাহনী ও আজাদ বলেছে, ফেডারেশন যখনই দলবদল দেবে তারা প্রস্তুত। মোহামেডানসহ বাকি দলগুলো নির্বাচনের এক সপ্তাহের মধ্যে দলবদল করতে চেয়েছে বলে জানাচ্ছেন আবাহনী-সমর্থিত ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ। লক্ষণীয়, মোহামেডান এখানে বড় চরিত্র। হকির পেছনে আগের চেয়েও এখন বেশি টাকা খরচ করছে এ দলটি। সেই মোহামেডান চায়নি বলে দলবদল এখন হচ্ছে না বলে দাবি রহমতউল্লাহর।
তবে ‘নির্বাচনের পর দলবদল’ এমন অবস্থান নাকি নেয়নি মোহামেডান। ক্লাবের নীতিনির্ধারক লোকমান হোসেন ভূঁইয়া বলছেন, ‘নির্বাচনের সঙ্গে দলবদলের সম্পর্ক নেই। ফেডারেশন আগামীকাল দলবদল দিলেও আমরা প্রস্তুত।’
দুই প্রধানই প্রস্তুত হলে বড় বাধা আর কী?: