হকিকে কৃষ্ণমূর্তির ব্যবস্থাপত্র
ছয় ম্যাচে মাত্র দুই জয়। বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডে ষষ্ঠ হয়ে পরশু রাতে দেশে ফিরেছে বাংলাদেশ হকি দল। মালয়েশিয়ান কোচ গোবিনাথান কৃষ্ণমূর্তির সঙ্গে চুক্তিও শেষ। সিঙ্গাপুর থেকেই তিনি ফিরে গেছেন মালয়েশিয়ায়। তবে দেশে ফিরে যাওয়ার আগে দলের অনেক সমস্যা চিহ্নিত করে ফেডারেশনকে লিখিত প্রতিবেদন দিয়েছেন কৃষ্ণমূর্তি।
তাঁর মূল্যায়ন হলো খেলোয়াড়েরা শুরুর আগেই ম্যাচে হেরে বসে থাকে। বড় সমস্যা মানসিকতায়। এ ছাড়া শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে ম্যাচে ভয়ে কুঁকড়ে থাকে। জাপান ও পোল্যান্ডের সঙ্গে প্রথম কোয়ার্টারেই গোল খেয়ে ম্যাচেই আর ফিরতে পারেনি বাংলাদেশ। বিরতির সময় খেলোয়াড়দের মানসিকভাবে উজ্জীবিত করতে হয়েছে, বদলাতে হয়েছে কৌশল। খেলোয়াড়দের জন্য মনোবিদ নিয়োগের পরামর্শ দিয়ে কৃষ্ণমূর্তি বলেছেন, বড় দলের বিপক্ষে দৃঢ় মানসিকতা গড়ে তুলতে বেশি বেশি শক্ত প্রতিপক্ষের সঙ্গে খেলার বিকল্প নেই।
সহকারী হিসেবে কোচ কৃষ্ণমূর্তির সঙ্গে সারাক্ষণ ডাগআউটে ছিলেন সাবেক অধিনায়ক মামুনুর রশীদ। বাংলাদেশ দলের পারফরম্যান্স হতাশ করেছে তাঁকেও। ব্যর্থতার দায় স্বীকার করে মামুনুর বললেন, ‘এমন ফল প্রত্যাশা করিনি মোটেও। সেমিফাইনালে যাওয়া উচিত ছিল আমাদের। আমি খুব হতাশ এবং ব্যর্থতার দায় কিছুটা হলেও আমার।’
ওমানের সঙ্গে জিতলেই সেমিফাইনাল। কিন্তু বিদেশের মাটিতে ওমান-বাধাটা আবারও টপকাতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। তাহলে কি এটাই দলের সর্বোচ্চ সামর্থ্য? মামুন এটি আবার মানতে চান না, ‘এটা আমাদের সামর্থ্য না। ওমানের এই দলে ঢাকায় অনূর্ধ্ব-২১ টুর্নামেন্টে খেলা আটজন ছিল। ঢাকায় ওদেরই ৭ গোল দিয়েছি। কিন্তু আমরা সেখানে নিজেদের খেলাটা খেলতে পারিনি। ওমানের মান মোটেও আমাদের চেয়ে ভালো নয়। শুধু ওমান না, প্রতিটি ম্যাচেই আমরা ফাঁকা পোস্ট পেয়েও গোল করতে পারিনি।’
নিষেধাজ্ঞা পেরিয়ে আসা চার খেলোয়াড়ের তিনজন যোগ হয়েছিলেন দলে—জিমি, পিন্টু ও রানা। এঁদের মধ্যে শুধু জিমিই যা একটু খেলেছেন। বাকিদের অনেকেই প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি। প্রত্যেকের পারফরম্যান্সের আলাদা কাটাছেঁড়াও করা হয়েছে শেষ ম্যাচ শেষে। কাল নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বললেন, ‘কিছু খেলোয়াড়ের কাছে আমাদের অনেক প্রত্যাশা ছিল। তারা মোটেও ভালো খেলেনি। রক্ষণে চয়ন ও পিন্টু খুব হতাশ করেছে। মাঝমাঠে রানা ও কৃষ্ণ, ফরোয়ার্ডে নিলয় এবং মিমোও খারাপ করেছে। তবে জিমি খুবই ভালো খেলেছে, প্রত্যাশার চেয়েও বেশি।’ তবে দল ব্যর্থ হওয়ায় জিমিও হতাশ, ‘আমরা এবার বড় একটা সুযোগ হারালাম। আমার খুবই খারাপ লাগছে।’
আগামী অক্টোবর পর্যন্ত বাংলাদেশ দলের কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট নেই। শুধু নভেম্বরে মালয়েশিয়ায় হবে অনূর্ধ্ব-২১ এশিয়া কাপ। তার আগে পাইপলাইনে আরও কিছু নতুন খেলোয়াড় তৈরি করতে না পারলে হকির জন্য ভালো কিছু হবে না। অনূর্ধ্ব-২১ দলের কোচ মামুনুর পরোক্ষে সেই সাবধানবাণীই উচ্চারণ করলেন, ‘নতুন খেলোয়াড় তুলে না আনলে হকির সামনে অন্ধকার।’