হকিকে বিওএর হুঁশিয়ারি
১৫ অক্টোবরের মধ্যে এসএ গেমসে ক্যাম্প শুরু করতে সময়সীমা বেঁধে দিয়েছে বিওএ। এই সময়ের মধ্যে প্রস্তুতি শুরু না করলে গেমসে পাঠানো সম্ভব হবে না—হকি ফেডারেশনকে দেওয়া বিওএর এক চিঠিতে এমন হুঁশিয়ারিও আছে।
হকি ফেডারেশন চেষ্টা করছে দ্রুত ক্যাম্প শুরু করতে। কিন্তু সমস্যা হয়েছে সার্ভিসেস দলগুলোর বাইরের খেলোয়াড়েরা ক্যাম্পে যোগ দিতে অনিচ্ছুক। ঈদের আগে তাই ক্যাম্প ডাকলেও ওই খেলোয়াড়েরা যোগ দেননি। ফলে ক্যাম্পটিও স্থগিত করে দেয় ফেডারেশন।
কথা ছিল, ঈদের পর ক্যাম্প শুরু করা হবে। কিন্তু পনেরো দিন পার হলেও শুরু করা যায়নি। তাই বিওএ নড়েচড়ে বসেছে। অন্য সব খেলার প্রস্তুতির মধ্যে থাকলেও হকি তাল মেলাতে পারছে না। ব্যাপারটা আমলে নিয়ে বিওএর প্রশিক্ষণ কমিটির প্রধান ও উপমহাসচিব আশিকুর রহমান কাল বললেন, ‘হকিকে আল্টিমেটাম দিয়েছি আমরা। হকি আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ ইভেন্ট। কাজেই তারা ঠিকঠাক প্রস্তুতি না নিলে দেশের জন্যই ক্ষতি।’
হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ ফোন না ধরায় তাঁরা বক্তব্য পাওয়া যায়নি। তবে যুগ্ম সম্পাদক ইউসুফ আলী ১৫ তারিখের মধ্যে ক্যাম্প শুরুর আশাবাদ রাখলেন। তাঁর কথা, ‘বিওএ একটা চিঠি দিয়েছে বলে শুনেছি। আমরা দু-এক দিনের মধ্যেই মিটিং করে ক্যাম্প ডাকব।’
খেলোয়াড়েরা দলবদলের সময়সূচি চান, যা এর আগে কয়েকবার দিলেও শেষ পর্যন্ত দলবদল হয়নি। মোহামেডানসহ চারটি দল খেলতে আগ্রহী নয় বলে এবার লিগই করতে পারেনি ফেডারেশন। সার্ভিসেস দলের বাইরের খেলোয়াড়দের জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। এ কারণেই তাঁরা দলবদলের নিশ্চয়তা ছাড়া জাতীয় দলের ক্যাম্পে আসতে রাজি নন।
পরশু আরমানিটোলায় মালেক চুন্নু স্মৃতি টুর্নামেন্টের ফাইনালে অংশ নেওয়া জাতীয় দলের কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে কথা বলেন রহমতউল্লাহ। জাতীয় স্বার্থে খেলোয়াড়দের ক্যাম্পে আসার অনুরোধ করেছেন তিনি। তবে ওই খেলোয়াড়দের একজন পুষ্কর খীসা মিমো জানালেন ক্যাম্পে যাওয়ার বিষয়টি তাঁদের বিবেচনায় নেই, ‘জাতীয় স্বার্থ অবশ্যই আমরা দেখব। কিন্তু দলবদলের নিশ্চয়তা না পেলে আমাদের ক্যাম্পে যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ।’