হকিতে আজ আবাহনী-মোহামেডান
ক্রিকেট, ফুটবল, হকি যা-ই হোক না কেন, গ্যালারিতে দুই দলের সমর্থকদের মধ্যে আগের মতো উত্তাপ ছড়ায় না—কথাটা ধ্রুব সত্য। কিন্তু মাঠে আবাহনী-মোহামেডান মুখোমুখি হলে একটু হলেও মর্যাদার লড়াইয়ে তেতে ওঠেন দুই দলের খেলোয়াড়েরা। এবারের মৌসুমে তৃতীয়বারের মতো আজ আবারও হকিতে মুখোমুখি হচ্ছে আবাহনী-মোহামেডান।
ক্লাব কাপে আবাহনী ৪-৩ গোলে হারিয়েছিল মোহামেডানকে। লিগের প্রথম পর্বে দুই দলের ম্যাচ ড্র হয়েছিল ২-২ গোলে। আজ সুপার লিগে যে দল জিতবে, শিরোপাদৌড়েও এগিয়ে থাকবে তারা। ৮ জয়, ২ ড্র ও ১ হারে ২৬ পয়েন্ট নিয়ে মোহামেডান তৃতীয় ও আবাহনী চতুর্থ। দুই দলেই রয়েছেন একাধিক পাকিস্তানি খেলোয়াড়। এক অর্থে যেন পাকিস্তানিদেরও লড়াই হবে ম্যাচে। তবে এর বাইরে মোহামেডানের ফরোয়ার্ড রাসেল মাহমুদ জিমির দিকেও নজর থাকবে আবাহনীর। জাতীয় দলের এই ফরোয়ার্ড এ পর্যন্ত ২০ গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতা।
ঊষা-মেরিনার্সের জয়
মওলানা ভাসানী স্টেডিয়ামে কাল সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচে ঊষা ৬-০ গোলে হারিয়েছে ওয়ান্ডারার্সকে। মেরিনার্স ১১-১ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশ স্পোর্টিংকে।
ঊষার আলীম বেলাল হ্যাটট্রিকের পাশে নিলয়, মিমো ও কৃষ্ণ করেছেন ১টি করে গোল। ৩৪ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষেই রইল ঊষা। মেরিনার্সের রিমন ৩টি, তৌফিক ও রাব্বি ২টি করে গোল করেন। এ ছাড়া ইশতিয়াক, আরশাদ, আশরাফুল ও ওয়াকাস ১টি করে গোল করেছেন। বাংলাদেশ স্পোর্টিংয়ের একমাত্র গোলটি শাহিদের। এই জয়ে ৩১ পয়েন্ট নিয়ে দুইয়ে মেরিনার্স।