হকিতে আবার অধিনায়ক বদল!
ক্রমেই ছোট হয়ে আসছে জাতীয় হকি দল। বিকেএসপিতে কোচ গোবিনাথান কৃষ্ণমূর্তির আস্থা পেতে জোরেশোরেই অনুশীলন করছেন জিমিরা। বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডের জন্য আগামীকাল ঘোষণা করা হতে পারে ১৮ সদস্যের চূড়ান্ত দল।
অভিজ্ঞদের বাদ দিয়ে তারুণ্যনির্ভর দলেই আস্থা নির্বাচকদের। অনুশীলন শুরু হওয়ার পর সবার আগে বাদ পড়েন অভিজ্ঞ গোলকিপার জাহিদ হোসেন। বাদ পড়তে পারেন এমন আভাস পেয়ে গত ২৫ ডিসেম্বর নিজে থেকেই ক্যাম্প ছেড়েছেন শেখ মোহাম্মদ নান্নু। বাদ পড়াদের তালিকায় আছেন তাপস বর্মণও। হকি অঙ্গনে গুঞ্জন, অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে মামুনুর রহমান চয়নকে। ২০১০ সালে ঢাকায় এসএ গেমস থেকে সর্বশেষ এশিয়ান গেমস পর্যন্ত টানা চার বছর অধিনায়কত্বের আর্মব্যান্ড রয়েছে চয়নের হাতে। যদিও হকিতে অধিনায়কের ভূমিকা অনেকটা পোশাকি। তার পরও গুরুত্বপূর্ণ কোনো টুর্নামেন্টের আগে এভাবে অধিনায়কত্বের পালাবদলে দলের ঐক্যে অনেকখানি প্রভাব পড়তে পারে বলে মনে করছেন কেউ কেউ। সহ-অধিনায়ক কৃষ্ণকুমার হতে পারেন পরবর্তী অধিনায়ক। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা কাল এমন আভাসই দিলেন, ‘এটা ঠিক যে হকিতে অধিনায়ক গুরুত্বপূর্ণ নয়। কিন্তু চয়ন তো অনেক দিনই অধিনায়ক ছিল। আমরা ঘুরিয়ে-ফিরিয়ে সবাইকে দায়িত্ব দিতে চাই। কৃষ্ণের নাম আমরা প্রস্তাব করেছি, আগামী জিবি মিটিংয়ে হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।’
বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হতে বাকি আছে মাত্র সপ্তাহ দুয়েক। আগামী ১৭ জানুয়ারি সিঙ্গাপুরে শুরু হবে খেলা। তবে প্রথমে সিঙ্গাপুরে নয়, মালয়েশিয়ায় প্রস্তুতি ম্যাচ খেলতে যাবে বাংলাদেশ। বাংলাদেশ দলের মালয়েশিয়া যাত্রা সম্ভবত ১০ জানুয়ারি। সেখানে মালয়েশিয়া অনূর্ধ্ব-২১ দলের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলার ব্যবস্থা করেছেন কোচ গোবিনাথান। ম্যাচ দুটি খেলেই সিঙ্গাপুরে যাওয়ার কথা হকি দলের। বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া, পোল্যান্ড, জাপান, ওমান, ইউক্রেন, ফিজি ও সিঙ্গাপুর।