হকিতে আবার পুল চায় আবাহনী-ঊষা!
গত লিগের আগে তখনকার ফেডারেশন নেতৃত্ব প্রতিশ্রুতি দিয়েছিল, পরের মৌসুম থেকে হকিতে আর পুল নয়। কিন্তু এবারও পুল করার বায়না ধরেছে প্রিমিয়ারের ১২ দলের ১০টিই। কাল হকির লিগ কমিটির সভায় ঊষা-আবাহনীর মতো শীর্ষ ক্লাব পুল করার জোরালো দাবি তুলেছে। খেলোয়াড়ি জীবনে যাঁরা পুলের বিরুদ্ধে লড়েছেন, সেই খেলোয়াড়দের অনেকে এখন লিগ কমিটিতে নিজ নিজ ক্লাবের প্রতিনিধি। ক্লাবের হয়ে পুলের পক্ষে তাঁরা এখন অবস্থান নিয়েছেন! ঊষার প্রতিনিধি সাবেক খেলোয়াড় রফিকুল ইসলাম কামাল পুলের দাবি তুলেছেন কালকের লিগ কমিটির সভায়। সমর্থন পেয়েছেন আরেক সাবেক এহসান রানার, যিনি লিগ কমিটিতে আবাহনীর প্রতিনিধি। তবে এবার কোটি টাকা নিয়ে সবার আগে মাঠে নামা মোহামেডান পুলের বিপক্ষে। তারা সঙ্গে পেয়েছে শুধু আজাদকে। লিগ কমিটিতে মোহামেডানের প্রতিনিধি আরিফুল হক প্রিন্স কালকের সভার পর জানালেন, ‘কামাল ভাই ছিলেন পুলের প্রস্তাবক, রানা সমর্থক। মোহামেডান ও আজাদ ছাড়া ১২ দলের বাকি সবাই পুলের পক্ষে! তারা বিদেশি কোটা একটি বাড়িয়ে ছয়টি চেয়েছে। আপত্তি তুলে আমরা ভোটাভুটিতে হেরেছি। শেষে লিগ কমিটির চেয়ারম্যান পাঁচজনের নিবন্ধন আর চারজনকে এক ম্যাচে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত দিয়েছেন।’পুলের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ভার দেওয়া হয়েছে নির্বাহী কমিটিকে। দলবদল আগামী ২৬-২৮ ফেব্রুয়ারি।