হকিতে আবার বিদ্রোহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঝখানে কিছুদিন বন্ধ থাকার পর হকিতে আবার ফিরল খেলোয়াড় বিদ্রোহ! মালয়েশিয়ায় অনূর্ধ্ব-২১ এশিয়ান হকি ফেডারেশন কাপ ও এসএ গেমসের জন্য জাতীয় দলের ক্যাম্পে ডাক পাওয়া ৪২ খেলোয়াড়ের প্রায় অর্ধেক কাল ক্যাম্পে যোগ দেননি। ক্যাম্পে গেছেন ২৫ জন। এঁরা সবাই বিভিন্ন বাহিনীর খেলোয়াড়। বাহিনীর বাইরে থেকে ডাক পাওয়া খেলোয়াড়েরা ক্যাম্পে যাবেন না বলে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন ফেডারেশনকে।
বাহিনীর খেলোয়াড়দের জীবন-জীবিকার একটা ব্যবস্থা আছে। তাই তাঁরা বিদ্রোহের পথে হাঁটেননি। কিন্তু বাহিনীর বাইরের খেলোয়াড়েরা আগে চান দলবদল। দলবদল না হলে তাঁরা জাতীয় দলের জার্সি গায়ে তুলতে রাজি নন। জাতীয় দলের অন্যতম সদস্য রাসেল মাহমুদ জিমিও আছেন এই দলে। ক্যাম্পে না যাওয়ার পক্ষে তাঁর কথা, ‘দলবদল নেই, খেলোয়াড়েরা মানবেতর জীবন যাপন করছে। এই অবস্থায় ব্যক্তিগতভাবে আমি নিজে ক্যাম্পে যেতে আগ্রহী নই। আগে দলবদল হোক, তারপর জাতীয় দলের ক্যাম্পে যাওয়ার ব্যাপারে ভাবব। এ কারণেই আমি আজ (কাল) রিপোর্ট করতে যাইনি।’
তবে জাতীয় দলের বেশির ভাগ খেলোয়াড়ই রিপোর্ট করতে গিয়েছেন মওলানা ভাসানী স্টেডিয়ামে। পুস্কর খীসা মিমো, হাসান জুবায়ের নিলয়, সারোয়ার, কৌশিক, অসীম গোপ, খোরশেদরা ছিলেন। কিন্তু রিপোর্ট করে তাঁরা সবাই বসে সিদ্ধান্ত নেন দলবদলের তারিখ না হওয়া পর্যন্ত ক্যাম্পে যোগ দেবেন না। জাতীয় দলের অন্যতম স্ট্রাইকার মিমো ব্যাখ্যা করলেন তাঁদের এই কঠোর অবস্থানের প্রেক্ষাপট, ‘দলবদলের জন্য সব খেলোয়াড় তাকিয়ে আছে। কিন্তু সেই দলবদলের খবর নেই। এই অবস্থায় আমরা রিপোর্ট করে ফেডারেশনকে একটা চিঠি দিয়ে বলেছি, দলবদলের তারিখ না দেওয়া পর্যন্ত আমরা ক্যাম্পে যাব না।’
ফেডারেশন বার তিনেক দলবদলের সূচি দিয়েও এর আগে তা রাখতে পারেনি। মোহামেডানসহ চারটি দল ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহর অপসারণ চায়। তাঁর নেতৃত্বে গত বছর লিগ খেলেনি এই দলগুলো, এবারও খেলবে না বলছে। তাই লিগ চলে গেছে হিমাগারে। আরেক বড় দল উষা বলছে সবাই না এলে তারাও লিগে অংশ নেবে না। অচলাবস্থা কাটাতে ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের উদ্যোগও ব্যর্থ হয়েছে।
খেলোয়াড়দের এই বিদ্রোহের ব্যাপারে জানতে খাজা রহমতউল্লাহর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলেও তিনি ফোন ধরেননি। যুগ্ম সম্পাদক ইউসুফ আলী কোনো কথাই বলতে রাজি হননি।