হকিতে আবারও ভজকট
স্থবির হকি জেগে উঠতে শুরু করেছিল গত কয়েক মাসে। কিন্তু প্রিমিয়ার হকি লিগ শুরু হওয়ার মুখেই আবারও হকিতে ভজকট। দুই বছর পর গতকাল থেকে শুরু হওয়ার কথা ছিল প্রিমিয়ার লিগ। কিন্তু বিদেশি আম্পায়ার আসেনি—এমন অজুহাতে খেলা পিছিয়ে দিল ফেডারেশন।আর খেলা পেছানোকে কেন্দ্র করেই লিগ বয়কটের দাবিতে ছয় দল এখন এককাট্টা। নেতৃত্বে ঊষা। তাদের সঙ্গী অ্যাজাক্স, মেরিনার্স, ওয়ারী, আজাদ ও বাংলাদেশ স্পোর্টিং। এদের পাশাপাশি আন্দোলনের হুমকি দিলেন স্থানীয় আম্পায়াররাও। বিদেশি আম্পায়ার দিয়ে কেন খেলা পরিচালনা করা হবে, এই অভিমানে স্থানীয় আম্পায়াররা ফেডারেশন বর্জনের হুমকি দিয়ে রেখেছেন। লিগ দূরে থাক, কোনো ঘরোয়া টুর্নামেন্টও আর তাঁরা পরিচালনা করবেন না বলে জানিয়েছেন। লিগ বয়কটের ব্যাপারে কাল হকি ফেডারেশনে সংবাদ সম্মেলন করেছেন ছয় ক্লাবের কর্মকর্তারা। সেখানেই ঊষার হকি ম্যানেজার রফিকুল ইসলাম (কামাল) জানান, ‘আগামী ১৯ জুনের মধ্যে যদি ফেডারেশন লিগ না শুরু করে, তাহলে আমরা লিগ বয়কট করব।’ পাকিস্তানি কোচ তাহির জামানসহ এখন ঊষায় রয়েছে পাঁচজন বিদেশি খেলোয়াড়। আগামী ২৫ জুন লিগ শুরু হলে বিদেশিদের হোটেল ভাড়া, খাওয়া, অনুশীলনসহ আনুষঙ্গিক খরচ বেড়ে যাবে ক্লাবের। যেটা কিছুতেই মানতে পারছে না ঊষা। অন্যান্য ক্লাব অবশ্য ঊষার মতো অতটা কঠোর নয়। তাদের দাবি, খেলা পেছালে ক্ষতিপূরণ দিতে হবে।পুরো ব্যাপারটিকে অনভিপ্রেত ও দুর্ঘটনা বলে উল্লেখ করছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ, ‘সব ঠিকই চলছিল। দুজন ভারতীয় আম্পায়ারেরও কাল (পরশু) আসার কথা ছিল। কিন্তু বিমানবন্দরে গিয়ে জানা গেল একজন এসেছেন। ছুটি না পাওয়ায় রেলওয়েতে চাকরিরত এক আম্পায়ার আসেননি।’ একটি বিশেষ ক্লাবকে সুবিধা দিতেই লিগ পেছানো হচ্ছে কি না, এই প্রশ্নে রহমতউল্লাহর উত্তর, ‘এসব কিছুই নয়। আমরা সব ক্লাবের প্রতিনিধিদের উপস্থিতিতেই খেলা পেছানোর সিদ্ধান্ত নিয়েছি।’