হকিতে আবাহনীর কাছে মোহামেডানের হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

অনেক দিন হকি মাঠে মোহামেডান-আবাহনীর লড়াই নেই। সে কারণেই হয়তো ক্লাব কাপ হকিতে দুই বড় দলের ম্যাচ আলাদা কৌতূহলই জাগিয়েছিল। হকিপ্রেমীদের প্রত্যাশানুযায়ী উত্তেজনাপূর্ণ লড়াই অবশ্য হয়নি। মোহামেডানকে ৪-২ গোলে হারিয়ে নিজেদের গ্রুপে সেরা হয়েই মৌসুম-শুরুর এই প্রতিযোগিতার সেমিতে উঠল আবাহনী।
ম্যাচের গতি-প্রকৃতি নির্ধারিত হয়ে গিয়েছিল আসলে শুরুতেই। ৫ মিনিটের ব্যবধানে তিন গোলে এগিয়ে যায় আবাহনী। এরপর আর প্রতিদ্বন্দ্বিতার কী থাকে! ছিলও না। তারপরও এভাবে চিরপ্রতিদ্বন্দ্বীর কাছে হারা মানায় না দেখেই মোহামেডান হয়তো পরে দুটি গোল ফেরত দিতে পারে। কিন্তু দিনটা যে ছিল আবাহনীরই। চার পাকিস্তানি খেলোয়াড় সমৃদ্ধ ধানমন্ডির ক্লাবটি ম্যাচটিকে সহজেই পেরেছে নিজেদের করে নিতে।
আবাহনীর পক্ষে ২টি গোল করেছেন মাকসুদ আলম হাবুল, শাফকাত ও রুম্মান করেছেন ১টি করে। মোহামেডানের পক্ষে গোল দুটি করেছেন তাপস বর্মণ ও দ্বীন ইসলাম।
উত্তেজনার পরশ পেতে যাঁরা মাঠে গিয়েছিলেন, তাঁরাও ‘কিছু’ পেয়েছেন। খেলোয়াড়দের মধ্যে ধাক্কাধাক্কি ছিল, ছিল আম্পায়ারিংয়ের বিরুদ্ধে সেই চিরন্তন অভিযোগও। তবে যেটা অনুপস্থিত ছিল সেটা হচ্ছে সুন্দর হকি। উত্তেজনার সঙ্গে এই বিষয়টি যোগ হলেই দীর্ঘ পাঁচ বছর পর আবাহনী-মোহামেডান হকি লড়াইটা সার্থক হতো।