হকিতে আবাহনীর নানামুখী বিপদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এহসান রানা বললেন, ‘দল গড়ব কীভাবে, খেলোয়াড়ই তো নেই। ভাবছি, নিজেই আবার মাঠে নেমে যাব কি না!’রানা আবাহনীর হয়ে অনেক দিন হকি খেলেছেন। এখন আবাহনীরই কর্মকর্তা। কাল বিকেলে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দাঁড়িয়ে কথাগুলো যখন বলছিলেন জাতীয় দলের সাবেক এই মিডফিল্ডার, একটু আগেই তাঁর দল আবাহনী শহীদ স্মৃতি হকিতে সেনাবাহিনীর কাছে হেরেছে ২-১ গোলে।সম্প্রতি সেনাবাহিনী হকি মাঠে বেশ উজ্জ্বল। সারা বছরই অনুশীলনে থাকে দলটি। সেনা খেলোয়াড়দের ফিটনেসও ভালো। সেই হিসেবে মাঠের লড়াইয়ে আবাহনীর বিপক্ষে তাদের জয়টা বড় চমক নয়। আবাহনীর প্রস্তুতিও মাত্র দু-তিন দিনের। কাল নিলয়ের গোলে এগিয়ে যাওয়া আবাহনীকে মিলন ও আজিজুলের দুই গোলে হারিয়েছে সেনাবাহিনী। দিনের প্রথম ম্যাচে বিমানবাহিনী ২-১ গোলে জিতেছে পুলিশের বিপক্ষে।পাঁচ দলের শহীদ স্মৃতিতে আগের দুটি ম্যাচে আবাহনী পুলিশ দলকে ৩-২ ও বিমানবাহিনীকে ৩-১ গোলে হারিয়েছিল। ফাইনালে যেতে আগামীকাল নৌবাহিনীর বিপক্ষে আবাহনীকে জিততেই হবে। আবাহনীকে ঠেকাতে নৌবাহিনী দলে নিয়েছে জিমি-চয়নকে।আবাহনীর সবচেয়ে বড় দুশ্চিন্তা চার দিন পরই শুরু হতে যাওয়া দলবদলে ভালো একটা দল গড়া। চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান এবার জাতীয় দলের জিমি, চয়ন, পিন্টু, রানা, নান্নুসহ সেরা আট-নয়জন খেলোয়াড়কে দলে টানার প্রক্রিয়া শেষ করে ফেলেছে।রানা বলছিলেন, ‘আর ভালো প্লেয়ার কই? মোহামেডানের সঙ্গে লড়াই করার মতো দলও গড়তে পারছি না। কথাবার্তা হয়েছে এমন খেলোয়াড়দের অনেকে অন্য দলে চলে যাচ্ছে। ইসা গেল উষায়, বিপ্লবকেও নিয়ে গেছে মোহামেডান। কী যে করি!’