হকিতে আসছে শেখ জামাল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল, ক্রিকেটে এখন প্রতিষ্ঠিত শক্তি শেখ জামাল। তবে এখানেই না থেমে শেখ জামাল ধানমন্ডি ক্লাব প্রিমিয়ার হকি লিগেও খেলতে চায়। এই ইচ্ছার কথা জানিয়েছেন মনজুর কাদের।
কাল সাইফ স্পোর্টিংয়ের সঙ্গে ক্লাব মাঠে অনুশীলন ম্যাচের ফাঁকে শেখ জামালের সাবেক সভাপতি ও বর্তমান গভর্নিং বডির চেয়ারম্যান বললেন, ‘ফেডারেশন সুযোগে দিলে হকিতে আমরা দল গড়ব এবার। হকিতেও বাংলাদেশ ভালো করার ক্ষমতা রাখে, তাই এখানে আমরা আসতে চাই।’
দলবদল এ বছরের শেষ দিকে, তবে মনজুর কাদের কাল ম্যাচ দেখতে দেখতেই আবাহনীর সঙ্গে যুক্ত এক হকি কর্মকর্তাকে ডেকে শেখ জামালের জন্য হকি দল গড়তে সহায়তা চান। বড় বাজেটে ভালো দল চাইছে শেখ জামাল।
অনুশীলন ম্যাচে জয়
সাইফ স্পোর্টিংয়ের সঙ্গে ফুটবল অনুশীলন ম্যাচ ঘিরে কাল জমে উঠেছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব চত্বর। এসেছিলেন ক্লাবটির সভাপতিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। মাঠের পাশে সারি সারি সোফা পেতে বসেন তাঁরা। একটা অনুশীলন ম্যাচ দেখতে ক্লাব কর্মকর্তাদের এত আগ্রহ সাধারণত দেখা যায় না।
জোসেফ আপুসির দল নিরাশ করেনি ক্লাব কর্মকর্তাদের। দুই গোলে এগিয়ে গিয়েও জয়টা শেষ পর্যন্ত ৩-২, তবে তারুণ্যনির্ভর এই শেখ জামালকে নিয়ে আসন্ন ফুটবল মৌসুমে ভালো কিছু করা সম্ভব বলেই মনে করছেন দলটির নীতিনির্ধাকেরা। গাম্বিয়ান স্ট্রাইকার মমোদৌ করেছেন দুটি গোল, সাইফের হয়ে ব্যবধান কমান মতিন মিয়া ও হ্যাম্বার।
ম্যাচটা খেলতে বিকেএসপির আবাসিক ক্যাম্প থেকে আসে সাইফ স্পোর্টিং, সঙ্গে মিষ্টি-ফুল। তবে মাঠের খেলায় সেটা আর মনে রাখেনি শেখ জামাল।