হকিতে আসছেন বিদেশি আম্পায়ার
সিদ্ধান্ত পক্ষে না গেলে আম্পায়ার-রেফারিদের হুমকি-ধমকি দেওয়া, শারীরিকভাবে লাঞ্ছনা করা যেন রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। গত ৩০ এপ্রিল হকি মাঠে ঘটেছে এমনই ন্যক্কারজনক ঘটনা। ওই দিন ঊষা-মেরিনার্সের ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত মানতে না পেরে মেরিনার্সের এক বলবয় শারীরিকভাবে লাঞ্ছিত করেন আম্পায়ার সেলিম রেজাকে। ওই ঘটনার প্রতিবাদে আম্পায়াররা ক্লাব কাপে ম্যাচ চালাতে অস্বীকৃতি জানিয়েছেন। ফেডারেশন তাই বিদেশি আম্পায়ার নিয়ে আসছে। ৫ মে ওমানের দুই আম্পায়ার ক্লাব কাপ হকির সেমিফাইনাল ও ফাইনাল পরিচালনা করবেন।
কাল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুস সাদেক বলেন, ‘আমাদের দেশের আম্পায়াররা বিদেশে সুনামের সঙ্গে ম্যাচ পরিচালনা করেন। কিন্তু দেশে তাঁরা ভয়ে থাকেন সব সময়। এ জন্যই আমরা জরুরি সভা করে আজ এই সিদ্ধান্ত নিয়েছি।’ কাল অবশ্য বাংলাদেশ এসসি-সোনালী ব্যাংক ম্যাচটি শুরু হতে দেরি হয় মাঠেই আম্পায়ারদের অবস্থান ধর্মঘটের কারণে। একপর্যায়ে আলোকস্বল্পতায় খেলা বন্ধ করে দেন আম্পায়াররা।