হকিতে এবার ভারতীয় কোচ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনচন এশিয়ান গেমস শেষেই বিদায়ঘণ্টা বেজেছে পাকিস্তানি কোচ নাভিদ আলমের। এবার সম্ভবত ভারতীয় কোচ পেতে যাচ্ছে বাংলাদেশের হকি। এশিয়ান গেমসে জাতীয় দলের বাজে পারফরম্যান্সের পর দুজন কোচের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছিল হকি ফেডারেশন—আর্জেন্টিনার এজেকিয়েল পাওলন এবং ভারতের অজয় কুমার বানসাল। এজেকিয়েল ‘না’ বলে দেওয়ায় বানসালই এখন হাতের পাঁচ।
বাংলাদেশ বিমানবাহিনীর ফ্যালকন হলে আজ হকি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ সভায় বিষয়টি চূড়ান্ত হবে। ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহর কথায় কাল আভাস পাওয়া গেল, বানসালই নিয়োগ পেতে যাচ্ছেন। তবে ভারতীয় এই কোচ আসছেন অল্প সময়ের জন্য। মূলত আগামী ১৭ থেকে ২৫ জানুয়ারি সিঙ্গাপুরে অনুষ্ঠেয় বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডের জন্যই তাঁকে আনা হবে। বিশ্ব হকি লিগে বাংলাদেশ দল যদি ভালো করে, তাহলে লম্বা সময়ের জন্যও তাঁকে ভেবে দেখা হতে পারে। যদিও ফেডারেশনের পছন্দ-তালিকার ওপরে আছে ইউরোপ বা দক্ষিণ আমেরিকার কোচ।
অজয় কুমার বানসাল বর্তমানে পাতিয়ালাস্থ ভারতের জাতীয় ক্রীড়া একাডেমির কোচ। গত বছরই বাংলাদেশ দলের দায়িত্ব নিতে চেয়েছিলেন তিনি। কিন্তু ভারতীয় ক্রীড়া কর্তৃপক্ষ তাঁকে ছুটি না দেওয়ায় আসতে পারেননি। তাঁকে না পেয়েই আনা হয় নাভিদ আলমকে। তবে এবার তিন মাসের ছুটি পাচ্ছেন বানসাল। এর আগে তিনি কাজ করেছেন ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, রাজ্য ও একাডেমি দলে। এক দশকেরও বেশি সময় ছিলেন এয়ার ইন্ডিয়া একাডেমি হকি দলের প্রধান কোচ। ছিলেন জাতীয় মহিলা দল ও প্রিমিয়ার হকি লিগের দল ওডিশা স্টিলার্সের কোচ। সাফল্যের স্বীকৃতিস্বরূপ জিতেছেন ভারতে কোচদের সর্বোচ্চ সম্মান দ্রোনাচার্য পুরস্কার।
আজকের সভায় কোচ নিয়োগ ছাড়াও বহিষ্কৃত চার হকি খেলোয়াড় রাসেল মাহমুদ জিমি, জাহিদ হোসেন, ইমরান হাসান ও কামরুজ্জামান রানার শাস্তি কমানোর বিষয়টি উঠতে পারে। ঘরোয়া হকিতে খেলার ওপর রানার এক বছরের নিষেধাজ্ঞা অবশ্য শেষ হবে এই নভেম্বরে।