হকিতে কি আপৎকালীন কমিটি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ ভরসা হিসেবে ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের কাছে গিয়েছিলেন হকি খেলোয়াড়েরা। কিন্তু কাল দলবদল সমস্যার কোনো সমাধান দিতে পারেননি মন্ত্রী। জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) খেলোয়াড়দের সঙ্গে সভা শেষে কিছুদিন সময় নিয়ে বলেছেন, তিনি এগোতে চান হকির স্থায়ী সমাধানের দিকে।

কাল মন্ত্রী বললেন, ‘আমি খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছি। এরপর ফেডারেশন সভাপতি এবং এই সংশ্লিষ্ট দুই পক্ষের সঙ্গেই আলোচনা করব। নির্দিষ্ট করে সময় উল্লেখ করতে চাচ্ছি না আমি। তবে এ বিষয়ে যত দ্রুত সম্ভব একটা স্থায়ী সমাধান হবে বলে আশা করছি।’

তবে চাইলেই এই অচলাবস্থার স্থায়ী সমাধান এখনই সম্ভব নয় বলে মনে করে হকি অঙ্গন। নির্বাচিত কমিটির প্রজ্ঞাপন আটকে আছে আদালতের নির্দেশনার অপেক্ষায়। আদালত হকি আম্পায়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার নির্দেশনা দিয়েছেন। এর মধ্যে প্রজ্ঞাপন জারি করলে আইনি জটিলতা হবে কি না, এনএসসি সেটা জানতে চেয়েছে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের কাছে। নির্বাচন কমিশনার হাইয়ুল কাইয়ুম জানিয়েছেন, ‘আমরা চাইলেও এখনই প্রজ্ঞাপন জারি করতে পারছি না। এর সঙ্গে আদালতের একটা সম্পর্ক আছে। আদালতের মতামত নিয়েই দু-এক দিনের মধ্যে প্রজ্ঞাপন দেব। এরপর আমার দায়িত্ব শেষ।’

বিশ্বস্ত সূত্রের খবর, প্রজ্ঞাপনের পর নতুন নির্বাচিত কমিটিকে হকির চলমান সমস্যা সমাধানের জন্য সময় বেঁধে দেওয়া হতে পারে। নতুন কমিটি ওই সময়ের মধ্যে সেটির সমাধান না করতে পারলে বিকল্প হিসেবে ক্রীড়া প্রশাসন আপৎকালীন একটি কমিটি করার চিন্তাভাবনা করবে। তবে এ নিয়ে কোনো খেলোয়াড় বা মন্ত্রী মুখ খুলতে চাইলেন না কাল।

জাতীয় দলের সর্বশেষ অধিনায়ক জাহিদ হোসেন বললেন, ‘এসব কথা কি বলা যায়? আমাদের প্রধান দাবি দলবদল। হকি খেলোয়াড়দের উপার্জনের উৎসই এটি। মন্ত্রী মহোদয় আমাদের কথা খুব মনোযোগ দিয়ে শুনেছেন। উনি বললেন, “তোমাদের দুঃখটা আমি বুঝি। যত দ্রুত সম্ভব হকির সমস্যার সুন্দর একটা সমাধানের চেষ্টা করব।”’

এদিকে হকির নতুন কমিটি দায়িত্ব বুঝে নিতে উন্মুখ। নির্বাচিত সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ বললেন, ‘প্রজ্ঞাপন পেলেই আমরা কাজ শুরু করে দেব। দলবদলের ব্যাপারে সবার সঙ্গে আলোচনা করতে আমরা আগ্রহী। যত তাড়াতাড়ি সম্ভব এর সমাধান করে মাঠে খেলা নামাতে হবে।