হকিতে ক্লাব সংস্কৃতি হারিয়ে যাচ্ছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অন্তত নৌবাহিনীর কর্মকর্তারা বুঝেছেন হকি খেলোয়াড়দের দুঃখ। যাঁদের বোঝার দরকার তাঁরা কিছুই বুঝতে পারছেন না। নৌবাহিনী যদি সুযোগ না দিত খেলোয়াড়দের খুব সমস্যা হতো।’ জাতীয় হকি দলের ডিফেন্ডার মামুনুর রহমান চয়নের মুখে শুধুই নৌবাহিনীর প্রশংসা।
প্রশংসা করারই কথা। যেখানে ক্লাবই খেলোয়াড়দের বড় ঠিকানা, হকিতে হয়েছে উল্টো। আবাহনী-মোহামেডান-ঊষা নয়, আস্তে আস্তে খেলোয়াড়দের ঠিকানা বদলে যাচ্ছে। জাতীয় দলের বেশির ভাগ খেলোয়াড়ই চাকরি নিচ্ছেন নৌবাহিনীতে। কিছুটা হলেও মিলছে তাঁদের জীবন-জীবিকার নিশ্চয়তা।
সাম্প্রতিক সময়ে চয়ন নৌবাহিনীর পেটি অফিসার পদে যোগ দিয়েছেন। তাঁর হাত ধরে তাপস কুমার ও কৃষ্ণ কুমারও নাম লেখান এই বাহিনীতে। বর্তমানে চুক্তি ভিত্তিতে নৌবাহিনীতে খেলছেন রাসেল মাহমুদ জিমি, কামরুজ্জামান রানা, মইনুল ইসলাম কৌশিক ও সারোয়ার হোসেন। নৌবাহিনীতে চাকরি নিতে যাচ্ছেন জাতীয় দলের আরও কয়েকজন—পুষ্কর খীসা মিমো, অসীম গোপ, হাসান যুবায়ের নিলয়, রুম্মন সরকার এবং ফরহাদ আহমেদ সিতুল। সম্প্রতি জাতীয় ফুটবল দলের অধিনায়ক মামুনুল ইসলামসহ আরও চার ফুটবলারকে চাকরি দিয়েছে নৌবাহিনী।
ফুটবলারদের কাছে বাহিনীর চাকরি বড় কিছু নয়। ক্লাব থেকেই তাঁরা পাচ্ছেন অনেক টাকা। কিন্তু হকি খেলোয়াড়দের জন্য এই চাকরিটা বিশাল কিছুই। তাই নৌবাহিনীর চাকরির প্রস্তাবটা লুফেই নিয়েছেন পুষ্কর। তাঁর পরিবারের সদস্যরা আরও বেশি বেতন ও সম্মানজনক পদ আশা করেছিলেন, কিন্তু মোটামুটি একটা আর্থিক নিশ্চয়তা পেয়েই মিমো রাজি হয়ে গেছেন। মিমোসহ পাঁচ খেলোয়াড়কে প্রথমে সৈনিকের পদের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সবাই পেটি অফিসার পদেই যেতে বেশি আগ্রহী। এবং এই পদেও সম্ভবত তাঁদের নিয়োগ হচ্ছে শিগগিরই।
নৌবাহিনীর পেটি অফিসার হলো দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা। বেতন ২০ হাজারের ওপরে। এর সঙ্গে আনুষঙ্গিক সুবিধা। বিয়ের পর এই খেলোয়াড়েরা নিয়মিত পারিবারিক সদস্যসংখ্যার ভিত্তিতে রেশন পাবেন। সরকারি চাকরির নিয়মে প্রভিডেন্ট ফান্ড, পেনশন, সম্মিলিত সামরিক হাসপাতালে বিনা বেতনে চিকিৎসাসুবিধা থাকছে।
হকির চলমান স্থবিরতায় খেলোয়াড়দের কাছে নৌবাহিনীর চাকরি মহার্ঘ হয়ে উঠেছে। এ পর্যন্ত তিনবার দলবদলের তারিখ বদলেছে! মোহামেডানসহ কয়েকটি দল তাদের সিদ্ধান্তে অনড়, ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ বিদায় না নিলে তারা লিগে খেলতে রাজি নয়। রহমতউল্লাহও তাঁর পদ ছাড়বেন না। এ নিয়েই অচলাবস্থা।
গত ১৬ মে যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় সংশ্লিষ্ট সবাইকে নিয়ে সভায় বসেছিলেন। হকির সংকট দূর করার আশ্বাস দিয়েছেন, কিন্তু এক মাস পেরিয়ে গেলেও ফল অশ্বডিম্ব। খাজা রহমতউল্লাহ বল ছেড়ে দিয়েছেন মন্ত্রীর কোর্টে। মন্ত্রী আছেন বিদেশে। ২৯ জুন তিনি দেশে ফিরলেও যে কিছু হতে পারে, সেই আভাসও নেই।
তাই সময়ের প্রয়োজনেই নৌবাহিনীর চাকরি বেছে নেওয়া, বলছেন পুষ্কর, ‘আর কত দিন এভাবে বসে থাকব? হকি এখন শুধুই নিরাশার গল্প। একটা জীবিকার পথ তো বেছে নিতে হবে আমাদের।’
জিমি ব্যবসায় মন দিয়েছেন। পাশাপাশি নৌবাহিনীর হয়ে চুক্তিভিত্তিক টুর্নামেন্টে খেলেন। নৌবাহিনীতে যোগ দিতে খেলোয়াড়দের সিদ্ধান্তকে স্বাগতই জানালেন তিনি, ‘লিগের জন্য আন্দোলন করলে, কথা বললে খেলোয়াড়েরা নিষিদ্ধ হয়। জীবনের নিশ্চয়তার জন্য তাই চাকরিতে যোগ দিচ্ছে ওরা।’
হকির অন্ধকার সুড়ঙ্গ পথে কোনো আলো কি নেই? ফেডারেশন কর্মকর্তা এবং জাতীয় দলের সাবেক স্ট্রাইকার রফিকুল ইসলাম কামালও এই প্রশ্নে অসহায়, ‘এভাবে সবাই নৌবাহিনীতে চলে গেলে হকিতে লিগ বলে কিছু থাকবে না। আবাহনী-মোহামেডানের মতো ক্লাব খেলোয়াড় পাবে না আর। তাই সমস্যার দ্রুত সমাধান জরুরি। কিন্তু একজন ব্যক্তির ইগোর জন্য হকিটা ধ্বংস হয়ে যাচ্ছে।’