হকিতে গঠনতন্ত্র সংশোধনের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণ সম্পাদক পদে নির্বাচন করতে হলে সংগঠক হিসেবে অভিজ্ঞতা থাকতে হবে—এমন নিয়ম করে হকি ফেডারেশনের গঠনতন্ত্র সংশোধনের উদ্যোগ চলছে। সাধারণ সম্পাদকের জন্য চার বছরের এবং যুগ্ম সম্পাদকের জন্য তিন বছরের সাংগঠনিক অভিজ্ঞতা থাকা লাগবে। এ জন্য মির্জা ফরিদ আহমেদকে চেয়ারম্যান করে ১৭ ডিসেম্বর পাঁচ সদস্যের একটি গঠনতন্ত্র সংশোধন কমিটি করেছে ফেডারেশন। সিদ্ধান্তটি নির্বাহী কমিটির সভার অনুমোদনের অপেক্ষায় রয়েছে। কমিটির চেয়ারম্যান মির্জা ফরিদ আহমেদ বলেন, ‘এটা আমরা প্রথমে প্রস্তাব আকারে পাঠিয়েছি নির্বাহী কমিটির কাছে। নির্বাহী কমিটির অনুমোদন পাওয়ার পর জাতীয় ক্রীড়া পরিষদেরও অনুমোদন লাগবে। অবশ্য যে কেউ চাইলে এই সিদ্ধান্ত বদল হতে পারে। আমরা এটা করতে চাইছি কারণ, হকিতে সবাই অভিজ্ঞ লোক চায়।’ ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহর যুক্তি হকির উপকারের জন্যই এমনটা করা হচ্ছে, ‘অতীত অভিজ্ঞতায় দেখা গেছে অনেকেই এসে আমাদের বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখিয়েছেন। কিন্তু কাজের বেলায় তাকে খুঁজে পাওয়া যায়নি। এখানে যারা সময় দিতে পারবেন তাদেরই থাকা উচিত। শুধু একটা পদ আঁকড়ে ধরার জন্য হকিতে কেউ আসুক সেটা কেউ চায় না।’মোহামেডানের হকি কমিটির তরুণ চেয়ারম্যান শফিউল্লাহ আল মুনির হকির নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী হতে পারেন। হকি অঙ্গনে গুঞ্জন তাঁকে আটকাতেই নাকি এমন উদ্যোগ! বিষয়টি উড়িয়ে দিয়ে রহমতউল্লাহ জানান, ‘বিষয়টা মোটেও ঠিক না। কেউ হকিতে কাজ করতে চাইলে আমরা তাঁকে স্বাগত জানাব। তবে অবশ্যই তাঁকে প্রথমে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে। সেই হিসেবে প্রথমে কেউ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে আসতে পারে। তাঁর কাজ প্রশংসিত হলে আমরাই তাঁকে এই চেয়ারে বসাব।’ প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে হকিতে অ্যাডহক কমিটি করে দেয় সরকার। সেই কমিটিই ফেডারেশনের দায়িত্বে।