হকিতে দক্ষিণ আফ্রিকান কোচ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বনেট জাইলস
বনেট জাইলস

কয়েক মাস ধরে বিদেশি কোচের সন্ধানে ছিল হকি ফেডারেশন। অবশেষে পাওয়া গেছে সেই কোচ—বনেট জাইলস। গত পরশু ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত অনুসারে ই-মেইলে ৫১ বছর বয়সী দক্ষিণ আফ্রিকান কোচকে প্রস্তাবনা-পত্রও পাঠিয়ে দেওয়া হয়েছে। জাইলস আন্তর্জাতিক হকি ফেডারেশনের তালিকাভুক্ত গ্রেড ওয়ান কোচ। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে ঢাকায় এসে জাতীয় দলের দায়িত্ব নেবেন জাইলস।
কোচ যাচাই-বাছাই কমিটির সদস্য আনভীর আদিল খান কাল বলেছেন, ‘চারজন কোচের মধ্যে জাইলসের সিভিটাই আমাদের কাছে আকর্ষণীয় ও সমৃদ্ধ মনে হয়েছে। বাংলাদেশের হকির উন্নতি নিয়ে তিনি গবেষণা করেছেন এবং উপস্থাপনা দেখে খুবই ভালো লেগেছে আমাদের।’ তবে জাইলস ছাড়াও বাংলাদেশে কাজ করতে আগ্রহ দেখান জাতীয় দলের সাবেক কোচ গেরহার্ড, হল্যান্ডের সার্জিও ও বোভেল্যান্ডার।
জাইলসের কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। বর্তমানে চীনের লিউয়াওনিং প্রদেশের কোচের দায়িত্বে আছেন। এই প্রদেশ থেকে তাঁর কোচিংয়ে শতকরা ৫০ ভাগ খেলোয়াড় উঠে এসেছে চীনের জাতীয় দলে। এর আগে বনেট দক্ষিণ আফ্রিকা পুরুষ ও মহিলা দলেরও কোচ ছিলেন। এ ছাড়া বেলজিয়াম ও চীনা পুরুষ দলেরও কোচের দায়িত্ব পালন করেন। হল্যান্ডের আমস্টারডাম হকি ক্লাব, পিনোক ও এসসিএইচসি ক্লাবেও ১৫ বছর ধরে দায়িত্ব পালন করেছেন জাইলস।
প্রাথমিকভাবে দুই বছরের জন্য জাইলসের সঙ্গে চুক্তি করতে চায় ফেডারেশন। তাঁর বেতন ধরা হয়েছে মাসিক পাঁচ হাজার ডলার। সঙ্গে দিতে হবে আবাসন-সুবিধা, যাতায়াতের জন্য গাড়ি ও একজন লিয়াজোঁ অফিসার। বিদেশি কোচ বাবদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মাসে ১৫ হাজার ডলার করে অনুদান দেবে হকি ফেডারেশনকে।
এ বছর কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলার সম্ভাবনা নেই বাংলাদেশ দলের। হকি দল সর্বশেষ আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলেছে গত ফেব্রুয়ারিতে, ভারতে অনুষ্ঠিত এসএ গেমসে। প্রায় এক বছর পর আগামী মার্চে ঢাকায় বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডে খেলবে বাংলাদেশ। অবশ্য এর আগে ডিসেম্বরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক প্রীতি টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা করছে ফেডারেশন।