হকিতে দলবদলের আগেই নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরোয়া হকির চলমান অচলাবস্থা কাটেনি, বরং তা আরও জট পাকিয়েছে। সংকট কাটাতে ফেডারেশনের নির্বাচন হতে পারে বড় পথ। সেই পথে অবশেষে পা রাখল জাতীয় ক্রীড়া পরিষদ। গতকাল ঘোষণা করা হলো বিতর্ক আর ‘রাজনীতির’ ঘূর্ণাবর্তে আবর্তিত হকি ফেডারেশনের নির্বাচনের তারিখ। এ ঘোষণা নিয়েও অবশ্য নাটক কম হয়নি। কাল দুপুরে প্রজ্ঞাপন দিয়ে এনএসসি জানিয়েছিল, ৭ জুলাই হবে ভোট গ্রহণ। খানিক বাদেই সেটি বদলে ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয় ২৭ জুন, মনোনয়নপত্র জমা ১৬ জুন।

তবে নির্বাচন আদৌ হবে কিনা, সে প্রশ্ন জোরালোভাবেই আছে। কারণ লিগ চ্যাম্পিয়ন মোহামেডানসহ আরও কয়েকটি ক্লাব এনএসসির কাউন্সিলর তালিকা বদলানোর দাবি তোলায় পরিস্থিতি মোড় নিয়েছে ভিন্ন দিকে।

মোহামেডানসহ তাদের মিত্রদের দাবি, এনএসসি যে পাঁচজন কাউন্সিলর মনোনয়ন দিয়েছে, সবাই আবাহনী ঘরানার। তাঁদের মধ্যে বাংলাদেশের হকি কিংবদন্তি আবদুস সাদেক বাদে বাকি চারজনকে (জুম্মন লুসাই, মাহবুব হারুন, মামুনুর রশিদ ও জাকি আহমেদ) পরিবর্তন করতে হবে। নইলে দু-চারটি ক্লাব দলবদলে অংশ নেবে না বলে ঘোষণা দিয়ে রেখেছে। তাদের সঙ্গে একাত্মতা জানিয়েছে শুধু মেরিনার্স ও ওয়ারী, এমন দাবি ফেডারেশনের।

কিন্তু নির্বাচনে যাবে তো মোহামেডান? কদিন আগে শফিউল্লা আল মুনীরকে সাধারণ সম্পাদক পদে প্রার্থী ঘোষণা করেছে তারা, এখন নির্বাচনে যাওয়ারই কথা দলটির। নির্বাচনে না যাওয়ার কথা অবশ্য স্পষ্ট করে বলছে না মোহামেডান।

মোহামেডানের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া গত রাতে বলেছেন, ‘নির্বাচনের পরিবেশ নেই। ফেডারেশন সভাপতির কাছে আমরা এনএসসির কাউন্সিলর তালিকা পরিবর্তনের দাবি জানালেও তিনি এ ব্যাপারে কিছু করলেন না। কাজেই আগে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। তারপর নির্বাচন।’

ওদিকে ফেডারেশনে চলছে পদত্যাগের হিড়িক। এনএসসির কাউন্সিলর পরিবর্তন করার ব্যাপারটা দেখবেন বলেও দেখেননি ফেডারেশনের সভাপতি, এই অভিযোগ তুলে কাল পদত্যাগ করেছেন ফেডারেশনের সহসভাপতি সাজেদ আদেল। আগের দিন পদত্যাগ করেন ফেডারেশনের আরেক সভাপতি খোন্দকার জামিল উদ্দিনসহ পাঁচজন।

খেলোয়াড়দের আন্দোলন তো চলছেই। ২০১১ সালের ২১ নভেম্বর গঠিত বর্তমান অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহর অধীনে খেলবেন না, এমন ঘোষণা এসেছে খেলোয়াড়দের একটা পক্ষ থেকে। মানে খেলোয়াড়েরাও এখন একটা পক্ষ!

একটু সুসময় উঁকি দিয়েছিল হকির আকাশে, খেলোয়াড়-সংগঠকদের দ্বন্দ্ব আর অবিশ্বাসে তা আবার যেন ঢাকা পড়ছে মেঘে! নির্বাচনের তারিখ ঘোষণাও মেঘ সরাতে পারছে না।