হকিতে দেনদরবার চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেউ বললেন, ‘দ্রুত খেলা মাঠে চাই।’ কারও কারও বক্তব্য, ‘আর বসে থাকার সুযোগ নেই। এবার একটা কিছু করতে হবে।’ দাবি উঠল, ‘ফেডারেশনের কর্মকর্তাদের উচিত পদত্যাগ করা। সবাইকে একসঙ্গে নিয়ে তাঁরাই পারেন হকি বাঁচাতে।’
স্থানীয় একটি হোটেলে কাল এমন সব কথাই শোনা গেল হকির ক্লাব কর্মকর্তাদের মুখে। এত দিন পর্দার আড়ালে চলেছে নানা উদ্যোগ। এই প্রথম কাল তা প্রকাশ্যে এসেছে। পথ হারাতে বসা হকির সামনে যা জ্বালিয়ে দিয়েছে নতুন আশার বাতি।
উদ্যোগটা ফেডারেশনের সহসভাপতি ও ঊষা ক্রীড়াচক্রের সাধারণ সম্পাদক আবদুর রশিদ শিকদারের। ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় নাকি তাঁকে দায়িত্ব দিয়েছেন সবার সঙ্গে কথা বলতে। প্রিমিয়ার, প্রথম ও দ্বিতীয় বিভাগের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভায় বসে রশিদ যাত্রা করলেন সেই পথে। যেখানে আমন্ত্রিত হয়েও সাড়া দেননি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ। তবে যুগ্ম সম্পাদক আনভীর আদিল খান, সদস্য কামরুল ইসলাম কিসমত, রফিকুল ইসলাম কামাল, এহসান রানাসহ ছিলেন ফেডারেশনের ১০-১২ জন কর্মকর্তা।
ফেডারেশন ও ক্লাব কর্মকর্তাদের সম্মিলিত এ সভায় প্রিমিয়ারের ১১টি ক্লাবের মধ্যে আবাহনী ও রেলওয়ে ছাড়া ছিল সব ক্লাবেরই প্রতিনিধি। প্রথম ও দ্বিতীয় বিভাগের উপস্থিতি ৯০ শতাংশের বেশি। চার ঘণ্টার মতবিনিময়ে সমালোচনার তির ছুটেছে ফেডারেশনের দিকে। প্রিমিয়ারের দল পুলিশের প্রতিনিধি শিশির কুমার হালদারের কণ্ঠে ক্ষোভ, ‘বরেণ্য সংগঠকেরা ফেডারেশনে আছেন। খেলা মাঠে না থাকায় তাঁদের সব অর্জনই ম্লান হতে চলেছে।’
খাজা রহমতউল্লাহ পদত্যাগ করলেই সব সমস্যা মিটে যাবে—বহুল আলোচিত এই কথাটা কালও ঘুরেফিরে এল অনেক বক্তার মুখে। মেরিনার ইয়াংসের সাধারণ সম্পাদক হাসান উল্লাহ খানের দাবি, সাধারণ সম্পাদকের পদত্যাগই একমাত্র সমাধান। বিদ্রোহী চার ক্লাবের নেতৃত্বে থাকা মোহামেডানের ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়ার কথা, ‘আমরা সমস্যার সমাধান চেয়েছি। কিন্তু আমাদের একটি দিনের জন্যও রহমতউল্লাহ ডেকে বলেননি, ভাই, আপনারা খেলুন। বরং আমরাই নানা উদ্যোগ নিয়েছি খেলার জন্য।’
তবে রহমতউল্লাহ সরলেই সমস্যার সমাধান—এই তত্ত্বে বিশ্বাসী নন আনভীর আদিল। তিনি বললেন, ‘এই কমিটির অনেক সাফল্য আছে। সাধারণ সম্পাদকের পদত্যাগই সমাধান নয়। পদত্যাগ আগেও হয়েছে, কিন্তু সংকট বেড়েছে। তাই এর স্থায়ী সমাধান প্রয়োজন।’
স্থায়ী সমাধান অনেক দূরের পথই মনে হচ্ছে। তবে ঘটনাপ্রবাহ দেখে মনে করা যেতে পারে, ফেডারেশনের একাংশ পদত্যাগের দিকে এগোচ্ছে। কিসমতের কথায়ও তা প্রকাশ পেল, ‘আমি পদত্যাগ করলে যদি সংকট দূর হয়, তাহলে নিশ্চয়ই তা করব এবং হকির স্বার্থে সবারই সেই পথে যাওয়া উচিত।’
কয়েক দিনের মধ্যেই একটা সমাধানের সূত্র পাওয়া যেতে পারে, এমন আশা রেখে মতবিনিময়ের ইতি টানলেন রশিদ শিকদার, ‘হকির স্বার্থে ফেডারেশন থেকেও প্রয়োজনে পদত্যাগ করব। আশা করি, কয়েক দিনের মধ্যে একটা সমাধান আসবে।’