হকিতে নতুন আইন হচ্ছে না
সাধারণ সম্পাদকের কমপক্ষে চার বছরের এবং যুগ্ম সম্পাদকের তিন বছরের সাংগঠনিক অভিজ্ঞতা থাকতে হবে—এমন শর্ত জুড়ে দিয়ে সম্প্রতি হকির গঠনতন্ত্র সংশোধনের উদ্যোগ নিয়েছিল ফেডারেশন। এ জন্য সাত সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছিল। প্রস্তাবটি কাল অনুমোদনের জন্য কার্যনির্বাহী কমিটির সভায় উপস্থাপন করা হলেও শেষ পর্যন্ত সেটি অনুমোদিত হয়নি।অসুস্থতার কারণে কাল এই বিশেষ সভায় উপস্থিত ছিলেন না ফেডারেশন সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ। তবে তিনি জানান, ‘আমি সভায় না থাকলেও সবাইকে বলেছিলাম এই আইন নিয়ে সমালোচনা হতে পারে। তা ছাড়া যেহেতু অন্যান্য ফেডারেশনে নিয়মটা এখনো চালু হয়নি, তাই আমাদেরও এটা পাস করা ঠিক হবে না।’ যুগ্ম সম্পাদক আলমগীর কবির জানান, ‘কারোর ভোট দেওয়ার অধিকার থাকলে কেন তিনি সাধারণ সম্পাদক হতে পারবেন না—উপস্থিত সদস্যের অনেকেরই প্রশ্ন ছিল এমন। আবার কেউ কেউ বলেছেন শুধু এই দুই পদের জন্যই কেন এই আইন হবে, অন্যদেরও তো অভিজ্ঞতা না থাকলে সমস্যা হতে পারে। উপস্থিত বেশির ভাগ সদস্য এই আইনের বিরুদ্ধে। সভাপতি এরপর সব শুনে জানান, এই আইন থাকাটা ঠিক হবে না, প্রার্থী হওয়ার সুযোগ সবাইকে দেওয়া উচিত। অন্যান্য ফেডারেশনে যেহেতু এই আইন নেই, তাই যিনি প্রার্থী হবেন এই আইনে তাঁর কণ্ঠ রোধ করা হবে।’বেলজিয়ান কোচ পাচ্ছে বাংলাদেশ: আন্তর্জাতিক হকি ফেডারেশন (আইএইচএফ) ইউরোপিয়ান কোচ দিচ্ছে বাংলাদেশকে—খবরটা পুরোনো। তবে নতুন খবর হলো, সেই কোচ আসবেন বেলজিয়াম থেকে। ১৬ মাসের মেয়াদের মধ্যে ছয়বার ঢাকায় আসবেন। প্রতিবার ১০-১২ দিন থাকবেন বাংলাদেশে। অবশ্য কোচের নামটাই জানাতে পারেননি ফেডারেশন কর্মকর্তারা।