হকিতে নতুনের জয়ধ্বনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জার্মানির হ্যাটট্রিক সোনার স্বপ্ন গুঁড়িয়ে ফাইনালে আর্জেন্টিনা। দুর্দান্ত এই জয়ে হ্যাটট্রিক করে নেতৃত্ব দিয়েছেন গঞ্জালো পিল্লাত (ডানে)। পরশু দ্বিতীয় গোলের পর সতীর্থ মেনিনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করলেন এই ডিফেন্ডার l রয়টার্স
জার্মানির হ্যাটট্রিক সোনার স্বপ্ন গুঁড়িয়ে ফাইনালে আর্জেন্টিনা। দুর্দান্ত এই জয়ে হ্যাটট্রিক করে নেতৃত্ব দিয়েছেন গঞ্জালো পিল্লাত (ডানে)। পরশু দ্বিতীয় গোলের পর সতীর্থ মেনিনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করলেন এই ডিফেন্ডার l রয়টার্স

তিনবারের অলিম্পিক সোনাজয়ী পাকিস্তান রিওর টিকিটই পায়নি। অনেক আশা নিয়ে সর্বোচ্চ আটবারের সোনাজয়ী ভারত ঝরে গেছে শেষ আটেই। ২০০৪ এথেন্সে সোনা জেতা র্যা ঙ্কিংয়ের শীর্ষ দল অস্ট্রেলিয়ার দৌড়ও থেমেছে কোয়ার্টার ফাইনালে। র্যা ঙ্কিংয়ের দ্বিতীয় হল্যান্ড এবং তৃতীয় জার্মানির ছুটির ঘণ্টা বেজেছে সেমিফাইনালে।
সোনাপ্রত্যাশীদের বিদায় দিয়ে রিওতে অলিম্পিক হকির শেষ লড়াইয়ে এখন বেলজিয়াম ও আর্জেন্টিনা। পরশু দুটি দলই অলিম্পিকের ফাইনালেই উঠল প্রথম। কোয়ার্টার ফাইনালে ভারতকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল বেলজিয়াম, অস্ট্রেলিয়াকে হারিয়ে হল্যান্ড। আজ বাংলাদেশ সময় রাত ২টায় শুরু অলিম্পিক ফাইনাল তাই সামনে আনবে নতুন চ্যাম্পিয়নকে।
র্যা ঙ্কিংয়ে ষষ্ঠ বেলজিয়াম ও সপ্তম আর্জেন্টিনা এখন সোনা জয়ের স্বপ্নে বিভোর। এর আগে একবার তৃতীয় হওয়াই অলিম্পিকে বেলজিয়ামের সেরা সাফল্য। সেটিও ১৯২০ সালে ঘরের মাঠে। আর্জেন্টিনা অলিম্পিকে কখনো পদক পায়নি, ১৯৪৮ অলিম্পিকে পঞ্চম হওয়া তাদের সেরা সাফল্য।
গত কয়েকটি অলিম্পিকে শ্রেষ্ঠত্ব দেখিয়েছে জার্মানি, ব্রিটেন, নিউজিল্যান্ড, হল্যান্ড ও অস্ট্রেলিয়া। ১৯৯২ বার্সেলোনা জয়ের পর গত দুটি অলিম্পিকেরই সোনাজয়ী জার্মানি। কিন্তু হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন এবার পূরণ হলো না তাদের। পরশু সেমিফাইনালে জার্মানিকে ৫-২ গোলে বিধ্বস্ত করেছে আর্জেন্টিনা। গতবার লন্ডন অলিম্পিকে দশম হওয়া আর্জেন্টিনাকে অলিম্পিক সোনার শেষ ধাপে নিয়ে গেছেন ডিফেন্ডার গঞ্জালো পিল্লাত। তাঁর স্টিকের জাদুতেই ছত্রখান জার্মানি। ম্যাচের প্রথম দিকে তিনটি পেনাল্টি কর্নার থেকেই গোল করে হ্যাটট্রিক করেছেন পিল্লাত। উচ্ছ্বসিত এই ডিফেন্ডার বলছিলেন, ‘আমরা জার্মানির অনেক ভিডিও দেখেছি এবং পেনাল্টি কর্নার কাজে লাগিয়েছি। আমরা খুব খুশি।’
দ্বিতীয় সেমিফাইনালে বেলজিয়াম প্রথমার্ধে ৪ মিনিটের ব্যবধানে ২ গোল করে গড়ে ফেলে জয়ের ভিত্তি। এই অর্ধের শেষ দিকে হল্যান্ড ২-১ করেছিল। কিন্তু ৪৬ মিনিটে বেলজিয়াম ফিল্ড গোলে ৩-১ করলে আর ফিরতে পারেনি হল্যান্ড। বেলজিয়ামের তৃতীয় গোলটি করা জন ডোমেন ম্যাচের পর ভেসে গেলেন উচ্ছ্বাসে, ‘এটা একটা ঐতিহাসিক রাত। দারুণ এক ম্যাচ।’
ফাইনালে আর্জেন্টিনাকে হারাতে পারলে আরও দারুণ লাগবে বেলজিয়ামের খেলোয়াড়দের। আর্জেন্টিনার খেলোয়াড়েরাও অলিম্পিকে প্রথম সোনা জয়ের স্বপ্নে বিভোর। যে দলই জিতুক, অলিম্পিক হকিতে যেন বাজছে দিনবদলের গান। তথ্যসূত্র: এএফপি, রয়টার্স।