হকিতে নাটক চলতেই থাকবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিমিয়ার লিগে মোহামেডানের ম্যাচ মানেই যেন এ রকম দৃশ্যের ‘নিশ্চয়তা’। পরশু বাংলাদেশ স্পোর্টিংয়ের বিপক্ষে তো গোলমাল, মারামারি ও বিশৃঙ্খলার চূড়ান্ত রূপ দেখিয়েছেন মোহামেডানের খেলোয়াড়েরা l সৌজন্য ছবি
প্রিমিয়ার লিগে মোহামেডানের ম্যাচ মানেই যেন এ রকম দৃশ্যের ‘নিশ্চয়তা’। পরশু বাংলাদেশ স্পোর্টিংয়ের বিপক্ষে তো গোলমাল, মারামারি ও বিশৃঙ্খলার চূড়ান্ত রূপ দেখিয়েছেন মোহামেডানের খেলোয়াড়েরা l সৌজন্য ছবি

হকি মাঠের রং-তামাশা সিনেমার চিত্রনাট্যকেও হার মানাচ্ছে। একটি শীর্ষ জাতীয় ক্রীড়া ফেডারেশনে যাচ্ছেতাই কাণ্ড ঘটছে প্রতিনিয়ত।
প্রিমিয়ার লিগের প্রায় প্রতিটি ম্যাচেই মারামারি নৈমিত্তিক ঘটনা। নির্ধারিত সময়ে তাই খেলা শেষ হচ্ছে না। বিশেষ করে বেশি গোলমাল হচ্ছে মোহামেডানের ম্যাচগুলোতেই। আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদে খেলা বর্জন করে দাঁড়িয়ে থাকা, বিদেশি খেলোয়াড়দের ওপর শারীরিক আক্রমণ, লাঞ্ছনা, দলের ডাগ-আউট থেকে বেরিয়ে এসে প্রতিপক্ষের খেলোয়াড়দের গালাগালি করা, এগুলো যেন স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে মোহামেডানের জন্য। পরশু মোহামেডানের ডিফেন্ডার আসাদুজ্জামান চন্দনসহ সতীর্থরা মিলে বাংলাদেশ স্পোর্টিং ক্লাবের দুই পাকিস্তানি সহোদর সিরাজ আলী ও শাহবাজ আলীকে পিটিয়েছেন।
ওই রাতে পেশাদার লিগ কমিটির জরুরি সভায় কর্মকর্তারা নিয়েছেন অগ্রহণযোগ্য এক সিদ্ধান্ত—মাত্র দুই ম্যাচের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে চন্দনকে। আর রাসেল মাহমুদ জিমি, জাহিদ হোসেন ও রাসেল খান বাপ্পীকে শুধু সতর্ক করে দেওয়া হয়েছে। মজার ব্যাপার হলো, চন্দনকে ওই ম্যাচেই আম্পায়ার লাল কার্ড দেখিয়েছেন। ফলে এমনিতেই রেলওয়ের সঙ্গে ৯ জুনের ম্যাচটি খেলতে পারতেন না তিনি। এর মানে দাঁড়াল শুধু এক ম্যাচের জন্যই নিষিদ্ধ হয়েছেন চন্দন। তাই ওয়ারীর সঙ্গে ১২ জুনের ম্যাচটিও তাঁর খেলা হবে না।
সিদ্ধান্তটি যে মোটেও যৌক্তিক হয়নি তা মানছেন প্রিমিয়ার লিগ কমিটির সদস্য ও ঊষা ক্রীড়াচক্রের যুগ্ম সম্পাদক সাফায়েত হোসেন ডালিমও, ‘চন্দন মাঠে যে আচরণ করেছে তাতে ওকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হলেও শাস্তিটা কম হতো। যে অন্যায় সে করেছে, সে অনুযায়ী অনেক কম শাস্তি দেওয়া হয়েছে। আসলে আগের দিনের ঊষা-মোহামেডান ম্যাচের গন্ডগোলের বিষয়ে সিদ্ধান্ত নিতে জরুরি মিটিংয়ে বসেছিলাম। আমাদের উদ্দেশ্য ছিল সব ক্লাবকে বোঝানো, যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।’ তাহলে কি একটা বিশেষ ক্লাবকে সুবিধা দিতেই এমন সিদ্ধান্ত? সাফায়েতের মুখে উচ্চারিত হয়েছে ‘হকির বৃহত্তর স্বার্থ’, ‘অনেক দিন পর লিগটা জমে উঠেছে। এই ক্লাব লিগ থেকে বেরিয়ে যাক সেটা আমরা চাই না। লিগের স্বার্থেই এমন সিদ্ধান্ত।’
ফেডারেশনের বাইলজে যা-ই থাকুক, সবকিছুই উল্টে যাচ্ছে হকিতে। ১ জুন ঊষার বিপক্ষে আম্পায়ারের প্রতিবেদনে ‘রিফিউজ টু প্লে’ লেখা হলেও মোহামেডানকে পরের দিন আলোকস্বল্পতার অজুহাতে খেলার সুযোগ করে দেওয়া হয়েছে।
পরশুর লিগ কমিটির সভায় নেওয়া হয়েছে আরও দুটি সিদ্ধান্ত—আম্পায়ারের দিকে স্টিক নিয়ে তেড়ে যাওয়ায় এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে ওয়ারীর কর্মকর্তা নাজিউল ইসলামকে। ডাগ-আউটে থাকতে পারবে সর্বোচ্চ ১৮ জন খেলোয়াড়, দুজন কর্মকর্তা ও দুজন ক্লাব সহকারী। ভিআইপি গ্যালারিতে বিশেষ পাস নিয়ে ঢুকতে হবে সমর্থকদের।