হকিতে নির্বাচনী উত্তেজনা
নির্বাচনের তফসিল ঘোষিত হয়নি। আগামী মাসে নির্বাচন হলেও হতে পারে। তার অনেক আগেই হকির নির্বাচন নিয়ে শুরু হয়েছে নানামুখী উত্তেজনা এবং বিতর্ক।একে তো ‘নির্বাচনের পর দলবদল’ এই অবস্থান নিয়ে ক্লাবগুলো ক্ষুব্ধ করে তুলেছে খেলোয়াড়দের। নির্বাচনের আগেই দলবদল না হলে জাতীয় দলের এশিয়া কাপের ক্যাম্প বর্জন—খেলোয়াড়দের এ ঘোষণায় অচলাবস্থার ঘূর্ণাবর্তে ঢুকে পড়েছে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক সাফল্য পাওয়া হকি।এর মধ্যেই নির্বাচন নিয়ে নানা অঙ্ক এবং ঘোরপ্যাঁচ। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) পাঁচজন কাউন্সিলর মনোনয়ন দিয়েছে দিন তিনেক আগে, যা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। ওই কাউন্সিলরা হলেন জাতীয় দলের সাবেক খেলোয়াড় আবদুস সাদেক, জুম্মন লুসাই, মাহবুব হারুন, মামুনুর রশিদ ও জাকি আহমেদ রিপন।শেষের নামটি হয়তো প্রথম চারটি নামের মতো ভারী নয়। তবে হকি অঙ্গনেরই পরিচিত মুখ তিনি। বিনা তর্কেই কাউন্সিলর হিসেবে সরকারের মনোনয়ন পেতে পারেন আবদুস সাদেকের মতো সাবেক তারকা। জুম্মন লুসাই, মাহবুব হারুন, মামুনুর রশিদকে নিয়েও প্রশ্ন ওঠার কিছু নেই। তাঁরা সবাই সরকারের মনোনয়ন পাওয়ার যোগ্য।কিন্তু সর্বশেষ লিগ চ্যাম্পিয়ন মোহামেডান বলছে, এই পাঁচজনই আবাহনী ঘরানার। বর্তমান এডহক কমিটির সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ নিজেই আবাহনীর কাউন্সিলর হয়ে নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী হচ্ছেন। এর মানে এই পাঁচটি ভোট তাঁর পক্ষে যাবে মনে করে ঘোর আপত্তি তুলছে মোহামেডান।
মোহামেডানের সমর্থন নিয়ে সাধারণ সম্পাদক পদে প্রার্থিতা ঘোষণা করেছেন তরুণ ব্যবসায়ী শফিউল্লাহ আল মুনীর। তাঁর দাবি, ‘এনএসসির এভাবে একটি ক্লাবের পাঁচজন সমর্থককে কাউন্সিলর করাটা অন্যায়। এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না।’
মুনীর কাউন্সিলর হয়েছেন মেরিনার ইয়াংস থেকে। নির্বাচনী মাঠে রহমতউল্লাহ প্রতিদ্বন্দ্বী হিসেবে জোরেশোরেই কাজ করছেন। গত বছর মোহামেডানের হকি কমিটির চেয়ারম্যান হিসেবে অনেক টাকা ঢেলেছেন। আর এখন তিনি মনে করছেন হকির সাধারণ সম্পাদক হয়ে আরও কাজ করা যাবে। তাঁর দাবি, এনএসসির কাউন্সিলর মনোনয়ন ঠিক হয়নি—এমনটাই নাকি বলছে ঊষা, মেরিনার্স, অ্যাজাক্সসহ আরও অনেক দল।
খাজা রহমতউল্লাহকে সাধারণ সম্পাদক করে সরকার বর্তমান অ্যাডহক কমিটি গঠন করেছিল ২০১১ সালের ২১ নভেম্বর। এখন নির্বাচন দেওয়াটা জরুরি হয়ে পড়েছে। সেটিরই তোড়জোড়ে পরশু রহমতউল্লাহকে সমর্থন দিয়েছে ফোরাম। এক দিন পরই মোহামেডানের অভিযোগ, রহমতউল্লাহকে সুবিধা দিতে ফেডারেশন থেকেই এনএসসির পাঁচজনের এই কাউন্সিলর তালিকা ঠিক করে দেওয়া হয়েছে। যদিও এনএসসি তা অস্বীকার করে বলেছে তালিকাটা তারা নিজেরাই তৈরি করেছে।আগামী পরশু হকি ফেডারেশনের সভাপতির সঙ্গে ক্লাবগুলোর সভায় এনএসসির কাউন্সিলর তালিকা নিয়ে আপত্তি তুলবে মোহামেডান। সব মিলিয়ে বেশ জমে উঠেছে এই নির্বাচন।