হকিতে নিষিদ্ধ চার খেলোয়াড়

আভাসটা আগেই পাওয়া গিয়েছিল। এশিয়া কাপ হকিতে ব্যর্থতার জন্য গড়া তদন্ত কমিটির সুপারিশেও আঁচ করা যাচ্ছিল বড় শাস্তি পেতে পারেন জাতীয় দলের চার খেলোয়াড় ও দলের সঙ্গে মালয়েশিয়ায় যাওয়া কোচ মাহবুব হারুন। হকি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির কালকের সভায় নেওয়া হলো সেই কঠিন সিদ্ধান্ত।
আগামী তিন বছরের জন্য জাতীয় দল থেকে নিষিদ্ধ করা হয়েছে রাসেল মাহমুদ জিমি, জাহিদ হোসেন ও ইমরান হাসানকে। দুই বছরের জন্য সব ধরনের ঘরোয়া হকিতেও তাঁরা নিষিদ্ধ। আর জাতীয় দল থেকে দুই বছর আর ঘরোয়া হকিতে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে কামরুজ্জামান রানাকে। কোচ মাহবুব হারুনকে জাতীয় দলের সব ধরনের কোচিং থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন আম্পায়ার সেলিম লাকি।
ফেডারেশনের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ জিমি। মোটেই মানতে পারছেন না বিষয়টা। আদালতে যাওয়ার কথাও ভাবছেন জাতীয় দলের স্ট্রাইকার, ‘আমি ফেডারেশনের বিরুদ্ধে মামলা করব। তারা মুখে বলছে এক কথা, কিন্তু সেটার প্রমাণ দেখাতে পারেনি। আমি শোকজ নোটিশের যে জবাব দিয়েছি, সেটা বিচার-বিশ্লেষণ করে দেখেনি। আমি আমার উকিলের সঙ্গে এরই মধ্যে কথা বলেছি। এমন শাস্তি পেতে পারি তা আগেই অনুমান করেছিলাম।’

একই কথা বললেন ইমরান, ‘মামলা করা ছাড়া আর কোনো উপায় দেখছি না। ফেডারেশন যা করতে চেয়েছিল সেটাই করে দেখিয়েছে।’
বাজে পারফরম্যান্স, জাতীয় দলের ক্যাম্পে খেলোয়াড়দের যোগ দিতে বাধা দেওয়া, দলীয় শৃঙ্খলা ভঙ্গ—এমন অনেক অভিযোগ ছিল তাঁদের বিরুদ্ধে। হকির স্বার্থেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ, ‘দলের এবং দেশের হকির স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওদের বিরুদ্ধে আনা সব অভিযোগ পর্যালোচনা করেই আমরা সিদ্ধান্তে পৌঁছেছি। কার্যনির্বাহী কমিটির সর্বসম্মতিক্রমেই এটা অনুমোদিত হয়েছে।’

মাহবুব হারুনের অধীনে আন্তর্জাতিক অঙ্গনে অনেক সাফল্য পেয়েছে বাংলাদেশ। অথচ তাঁর বিরুদ্ধেও এবার উঠেছিল নানা অভিযোগ। ফেডারেশনের এই সাজা তাই হারুনও মানতে পারছেন না, ‘খুব খারাপ লাগছে এটা শুনে। আমি অবশ্য চুক্তিভিত্তিক কোচ নই। নতুন করে হয়তো আমাকে আর দায়িত্ব নাও দিতে পারে ফেডারেশন। বিষয়টা খুবই দুঃখজনক।’
ফেডারেশনের সিদ্ধান্তে ক্ষুব্ধ খেলোয়াড়কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আরিফুল হক (প্রিন্স), ‘আমরা আন্দোলনে যাব। রহমতউল্লাহকে হকি থেকে অবাঞ্ছিত ঘোষণা করব। বাংলাদেশের ইতিহাসের সেরা খেলোয়াড় জিমিকে সাসপেন্ড করা হয়েছে। জিমির ক্যারিয়ার নষ্ট করা হচ্ছে। সংগঠক হিসেবে রহমতউল্লাহ কয়জন খেলোয়াড় তৈরি করেছেন?’

বাংলাদেশের হকির ইতিহাসে এর আগে আজীবন নিষিদ্ধ হয়েছিলেন জুম্মন লুসাই ও এহসান রানা। তবে রানার সেই শাস্তি পরে প্রত্যাহার করা হয়। তিনি এখন ফেডারেশনের কর্মকর্তা।
কার কী শাস্তি
রাসেল মাহমুদ জিমি
জাতীয় দলে ৩ ও ঘরোয়া
হকিতে ২ বছর নিষিদ্ধ
জাহিদ হোসেন
জাতীয় দলে ৩ ও ঘরোয়া
হকিতে ২ বছর নিষিদ্ধ
ইমরান হাসান
জাতীয় দলে ৩ ও ঘরোয়া
হকিতে ২ বছর নিষিদ্ধ
কামরুজ্জামান
জাতীয় দলে ২ ও ঘরোয়া
হকিতে ১ বছর নিষিদ্ধ